Favicon

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুনে পুড়ে ৭ জনের মৃত্যু

প্রতিবেদক: ST Reporter সেপ্টেম্বর ২১, ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ণ বিভাগ: মেট্রোপলিটন
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুনে পুড়ে ৭ জনের মৃত্যু
ছবি : সংগৃহীত
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুনে পুড়ে ৭ জনের মৃত্যু

সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জামগড়া চৌরাস্তার দাদা মার্কেট এলাকায় প্রীতি গ্রুপের একটি কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন নিয়ন্ত্রণে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস, ডিইপিজেড, সাভার ও উত্তরা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর বিকট শব্দে একটি বয়লার বিস্ফোরিত হয়। এতে আশপাশের কয়েকটি ভবনের থাই গ্লাস ভেঙে পড়ে।

প্রীতি গ্রুপের লাইনম্যান লিটন মিয়া মুঠোফোনে বলেন, তাদের কারখানায় শিপমেন্টের জরুরি কাজ চলছিল। মাগরিবের নামাজের পর হঠাৎ অগ্নিকাণ্ড হলে তারা সবাই আতঙ্কিত হয়ে নিচে নেমে আসেন।

তিনি আরও বলেন, একটি বয়লার বিস্ফোরিত হয়েছে। তবে কীভাবে আগুন লেগেছে সে সম্পর্কে তিনি কিছুই জানেন না।

জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ভাঙা রাস্তা ও যানজট পেরিয়ে দীর্ঘ সময় পর ঘটনাস্থলে পৌঁছাতে পেরেছি। আপাতত আগুন নেভানোর কাজ শুরু করেছি, এর বেশি কিছু বলা যাচ্ছে না।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সোমেন বড়ুয়া বলেন, ৬টা ৫০ মিনিটের দিকে আমাদের কাছে অগ্নিকাণ্ডের খবর আসে। তবে বাইপাইল সড়কে অনেক যানজট হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে আমাদের ৮টা বেজে গেছে। বেশ দেরি হয়ে গেছে। আমরা কাজ শুরু করেছি।