Favicon

ভারতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বিটুবি টাস্কফোর্স গঠনের আহ্বান

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২০, ২০২৬, ৪:০৮ অপরাহ্ণ বিভাগ: মেট্রোপলিটন
ভারতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বিটুবি টাস্কফোর্স গঠনের আহ্বান
Photo: Courtesy
ভারতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বিটুবি টাস্কফোর্স গঠনের আহ্বান

ঢাকা, ২০ সেপ্টেম্বর: বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, শুল্ক ও অশুল্ক বাধা দূর করা এবং ব্যবসায়িক যোগাযোগ জোরদারে বিটুবি (ব্যবসা-থেকে-ব্যবসা) টাস্কফোর্স গঠনের ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পাওয়ানকুমার তুলশিদাস বাধে।

আজ রোববার রাজধানীর গুলশানে এফবিসিসিআইয়ের কার্যালয়ে সংগঠনটির প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।

ভারতের ডেপুটি হাইকমিশনার বলেন, দুই দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে একটি বিটুবি টাস্কফোর্স গঠন প্রয়োজন। টাস্কফোর্স গঠনের প্রক্রিয়া এগিয়ে নিতে তাঁর দপ্তর দুই দেশের সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

এ ক্ষেত্রে এফবিসিসিআইয়ের নেতৃত্বে বাংলাদেশের বেসরকারি খাতের সহযোগিতা চান পাওয়ানকুমার তুলশিদাস বাধে।

সাক্ষাতে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়েও কথা বলেন তিনি। তাঁর দাবি, বর্তমানে বাংলাদেশিদের জন্য বিভিন্ন ধরনের ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে এবং ভারতীয় হাইকমিশন প্রতিদিন প্রায় ৫ হাজার ভিসা দিচ্ছে।

এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানো এবং পারস্পরিক সহযোগিতার সম্পর্ক জোরদারে একটি যৌথ টাস্কফোর্স কার্যকর ভূমিকা রাখতে পারে।

তিনি দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের উদীয়মান ও সম্ভাবনাময় খাতে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে যৌথভাবে কাজ করার আহ্বান জানান।