সেমিকন্ডাক্টর খাতের দক্ষ জনবল তৈরির লক্ষ্যে আয়োজিত VLSIthon 3.0-এর চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দল ‘ডেভিয়েশন’। চ্যাম্পিয়ন দল পেয়েছে এক লাখ টাকা পুরস্কার।
সেমিকন্ডাক্টর খাতের দক্ষ জনবল তৈরির লক্ষ্যে আয়োজিত VLSIthon 3.0-এর চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দল ‘ডেভিয়েশন’। চ্যাম্পিয়ন দল পেয়েছে এক লাখ টাকা পুরস্কার।
দেশের সেমিকন্ডাক্টর ও ভেরি-লার্জ-স্কেল ইন্টিগ্রেশন (VLSI) খাতের অন্যতম বড় এই প্রতিযোগিতার তৃতীয় আসরের চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী বৃহস্পতিবার রাজধানীর উল্কাসেমি ঢাকা ডিজাইন সেন্টারে অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় প্রথম রানার্স-আপ হয়েছে আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল ‘ভলটিক্স’, আর দ্বিতীয় রানার্স-আপ হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল ‘ডেনসিটি ডিমনস’। প্রথম রানার্স-আপ দল পেয়েছে ৬০ হাজার এবং দ্বিতীয় রানার্স-আপ দল পেয়েছে ৪০ হাজার টাকা।
প্রায় দেড় মাসব্যাপী VLSIthon 3.0-এ দেশের ৩০টির বেশি বিশ্ববিদ্যালয়ের ১০৬টি দল থেকে মোট ২০৬ জন শিক্ষার্থী অংশ নেন। বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পের প্রতিষ্ঠান উল্কাসেমি এ আয়োজন করে। উল্কাসেমি VLSI ট্রেনিং ইনস্টিটিউট (UVTI) যৌথভাবে এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (AIUB) সহযোগী হিসেবে প্রতিযোগিতাটি আয়োজন করে।
এবারের VLSIthon-এর প্রতিযোগিতার বিষয় ছিল Place and Route (PNR)—চিপ ডিজাইন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ। প্রতিযোগিতার শুরুতে সেমিনার ও কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর তাত্ত্বিক জ্ঞান এবং Electronic Design Automation (EDA) টুল ব্যবহারের ওপর পরীক্ষার মাধ্যমে সেরা ১০টি দল বাছাই করা হয়।
পরবর্তী ধাপে কেস সলভিং ও প্রেজেন্টেশনের মাধ্যমে সেরা তিনটি দল নির্বাচন করা হয়। চূড়ান্ত পর্বে নিজেদের প্রযুক্তিগত দক্ষতা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং প্রেজেন্টেশন দক্ষতা তুলে ধরে দলগুলো।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন AIUB-এর উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মো. নজরুল ইসলাম এবং উল্কাসেমির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) মোহাম্মদ এনায়েতুর রহমান।
উল্কাসেমির CEO মোহাম্মদ এনায়েতুর রহমান বলেন, VLSIthon একাডেমিক পড়াশোনা ও সেমিকন্ডাক্টর শিল্পের বাস্তব চাহিদার মধ্যে একটি কার্যকর সেতু তৈরি করছে।
তিনি বলেন, VLSIthon-এ অংশ নেওয়া অনেক প্রতিযোগী বর্তমানে উল্কাসেমিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের শিল্পখাতের উপযোগী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও তিনি উল্লেখ করেন।
সেমিকন্ডাক্টর খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী শিক্ষার্থীদের VLSI-সংক্রান্ত দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে AIUB-এর উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, একাডেমিয়া ও শিল্পখাতের যৌথ উদ্যোগে এ ধরনের আয়োজন আরও বেশি শিক্ষার্থীকে সেমিকন্ডাক্টর খাতে ক্যারিয়ার গড়তে উৎসাহিত করবে।
অনুষ্ঠানে VLSIthon 3.0-এর সেরা ১০ দলের শিক্ষার্থী, AIUB ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, UVTI-এর প্রশিক্ষক ও শিক্ষার্থী এবং উল্কাসেমির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশে সেমিকন্ডাক্টর শিল্প বিকাশের সঙ্গে দক্ষ প্রকৌশলী ও চিপ ডিজাইন বিশেষজ্ঞ তৈরির প্রয়োজনীয়তাও বাড়ছে। এ ধরনের প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাস্তব শিল্পপ্রযুক্তির সঙ্গে যুক্ত করার পাশাপাশি দেশের উদীয়মান সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমে দক্ষ জনবল তৈরিতে ভূমিকা রাখতে পারে।