ভোলায় দুর্যোগ মোকাবিলায় আগাম মানবিক প্রস্তুতি জোরদারের উদ্যোগ
জেলার দুর্যোগপ্রবণ উপকূলীয় এলাকার মানুষের সুরক্ষায় সময়োপযোগী মানবিক পূর্ব-প্রস্তুতিমূলক কার্যক্রম জোরদারে জেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
ভোলা জেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থা ‘অ্যাকশন এগেইনস্ট হাঙ্গার প্রকল্পে’র (এসিএফ) উদ্যোগে আজ রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে ‘সময়োপযোগী মানবিক পূর্ব-প্রস্তুতিমূলক কার্যক্রমের জন্য প্রোটোকল এবং ট্রিগার-ভিত্তিক প্রাতিষ্ঠানিক ব্যবস্থা প্রতিষ্ঠা’ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বেলাল হোসেন।
সভায় স্বাগত বক্তব্য দেন, অ্যাকশান এগেইনস্ট হাঙ্গার প্রকল্প (এসিএফ) এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর তপন চক্রবর্তী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, তাজমেরী জাহান লিখন।
সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় শুধু দুর্যোগের পর ত্রাণ ও সহায়তা দেওয়ার পরিবর্তে আগাম সতর্কতা, প্রস্তুতি ও দ্রুত মানবিক সহায়তা নিশ্চিত করা জরুরি। এ ধরনের সমন্বিত উদ্যোগ উপকূলীয় মানুষের জানমাল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।
নজরুল স্মৃতি সংসদ এর চরফ্যাশন উপজেলা ব্যবস্থাপক নাজমুল হোসাইনের সার্বিক ব্যবস্থাপনা ও প্রকল্পের ব্যবস্থাপক মো. মুজিবুল আলমের সঞ্চালনায় এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
উপকূলীয় জেলা ভোলার দুর্যোগপ্রবণ এলাকাগুলোতে সাইক্লোন শেল্টারগুলো সচল ও কার্যকর রাখার পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণে কাজ করবে প্রকল্পটি। এ কার্যক্রমে অংশীজন হিসেবে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগসহ সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান কাজ করবে বলে সভায় জানানো হয়।
প্রকল্পের আওতায় দুর্যোগের আগাম সংবাদ ও সতর্কবার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া, দুর্যোগ চলাকালে মানবিক সহায়তা প্রদান এবং দুর্যোগ-পরবর্তী সময়ে উপকূলীয় এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা কৃষি কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, জেলা আনসার কমান্ডারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিরা।