বিএসআইএ’র ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক সাধারণ সভা (এজিএম) শনিবার ঢাকার গুলশান ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
বিএসআইএ সভাপতি এম এ জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশের সেমিকন্ডাক্টর শিল্পের উন্নয়ন, দক্ষ জনশক্তি গড়ে তোলা, গবেষণা ও উদ্ভাবন জোরদার এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় সভাপতির উদ্বোধনী বক্তব্যে এম এ জব্বার গত এক বছরে অ্যাসোসিয়েশনের বিভিন্ন অর্জন তুলে ধরেন এবং ভবিষ্যৎ অগ্রাধিকারের বিষয়ে দিকনির্দেশনা দেন। তিনি বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্পে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে দক্ষ মানবসম্পদ উন্নয়ন, গবেষণা ও উদ্ভাবন এবং আন্তর্জাতিক অংশীদারত্ব আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
এজিএমে নির্ধারিত আলোচ্যসূচি অনুযায়ী বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে ১৩ সেপ্টেম্বর ২০২৫ অনুষ্ঠিত ১ম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী নিশ্চিতকরণ, ২০২৫-২৬ সালের বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন এবং একই অর্থবছরের হিসাব ও নিরীক্ষা প্রতিবেদন বিবেচনা ও অনুমোদন অন্যতম।
এছাড়া ২০২৬-২৭ অর্থবছরের জন্য নিরীক্ষক নিয়োগও চূড়ান্ত করা হয়।
বিএসআইএ’র ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) মোজাহেদুল হক আবুল হাসানাত ২০২৫-২৬ অর্থবছরের অ্যাসোসিয়েশনের হিসাব ও নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন করেন। পরিচালক মুনির আহমেদ ও কামরুল আহসান দেওয়ানজীসহ সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।
সভায় নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেড, উলকাসেমি প্রাইভেট লিমিটেড, তাফুরি টেকনোলজিস লিমিটেড, আইটেস্ট বাংলাদেশ লিমিটেড, সিলিকোনোভা লিমিটেড, ডায়নামিক সল্যুশন ইনোভেটরস, বালু টেকনোলজিস লিমিটেড, প্রাইম সিলিকন টেকনোলজি লিমিটেড, ক্যাকটাস ম্যাটেরিয়ালস লিমিটেড, ক্রান্তি অ্যাসোসিয়েটস লিমিটেড, এসিআই সেমিকন্ডাক্টর লিমিটেড, এডিএন সেমিকন্ডাক্টরস লিমিটেড ও সিলিকন অ্যারের প্রতিনিধিরা অংশ নেন।
আলোচনায় সদস্যরা দেশের সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশে আন্তর্জাতিক প্রযুক্তি ও সেমিকন্ডাক্টর ইভেন্টে অংশগ্রহণ, বৈশ্বিক বাজারে নতুন ব্যবসায়িক সুযোগ অনুসন্ধান এবং সরকারের কাছে উপস্থাপনের জন্য ২০৩০ সালকে লক্ষ্য ধরে একটি সমন্বিত সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি রোডম্যাপ প্রণয়নের পরামর্শ দেন।
সদস্যদের মতে, এ ধরনের দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাংলাদেশে একটি শক্তিশালী, বৈশ্বিকভাবে সংযুক্ত ও প্রতিযোগিতামূলক সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম গড়ে তুলতে সহায়ক হবে।