Favicon

ইসলামাবাদে নতুন চ্যান্সেরি কমপ্লেক্স বাংলাদেশের কূটনৈতিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করছে

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৫, ২০২৬, ১১:২৪ অপরাহ্ণ বিভাগ: মেট্রোপলিটন
ইসলামাবাদে নতুন চ্যান্সেরি কমপ্লেক্স বাংলাদেশের কূটনৈতিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করছে
Photo: Courtesy
ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের নবনির্মিত চ্যান্সেরি পরিদর্শন উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের

ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬: পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) এবং ইন্সপেক্টর জেনারেল অব মিশন রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছে।

দুই দিনের সফরের অংশ হিসেবে মঙ্গলবার প্রতিনিধিদলটি ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে পৌঁছালে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান তাঁদের স্বাগত জানান।

এ সময় হাইকমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা, উপহাইকমিশনার, প্রেস কাউন্সিলর, কাউন্সিলর (কনস্যুলার), দূতালয় প্রধানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদলে অর্থ বিভাগের উপসচিব আব্দুল মান্নান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব (প্রকল্প) মো. শাফকাত মোশাররফ রয়েছেন।

সফরকালে প্রতিনিধিদলটি ইসলামাবাদের ডিপ্লোমেটিক এনক্লেভে বাংলাদেশের নবনির্মিত চ্যান্সেরি কমপ্লেক্স পরিদর্শন করেন। তাঁরা নতুন কমপ্লেক্সের বিভিন্ন বিষয় ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনের অংশ হিসেবে প্রতিনিধিদলের সদস্যরা হাইকমিশন চত্বরে পৃথকভাবে একটি করে বৃক্ষ রোপণ করেন।