Favicon

ব্রুনাই রাষ্ট্রদূতের সঙ্গে ছাত্রপক্ষের প্রতিনিধিদলের বৈঠক

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২২, ২০২৬, ৫:২৬ অপরাহ্ণ বিভাগ: মেট্রোপলিটন
ব্রুনাই রাষ্ট্রদূতের সঙ্গে ছাত্রপক্ষের প্রতিনিধিদলের বৈঠক
Photo: Courtesy
উচ্চশিক্ষা, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ নিয়ে আলোচনা

ঢাকায় নিযুক্ত ব্রুনাই দারুসসালামের রাষ্ট্রদূত হাজি হারিস বিন হাজি ওসমানের সঙ্গে ছাত্রপক্ষের কেন্দ্রীয় নেতাদের একটি প্রতিনিধিদলের বৈঠক হয়েছে। মঙ্গলবারের এ বৈঠকে বাংলাদেশ ও ব্রুনাইয়ের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি উচ্চশিক্ষা, দক্ষ জনশক্তি, বিনিয়োগ ও সাংস্কৃতিক বিনিময়ের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে ছাত্রপক্ষের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ প্রিন্স, সাধারণ সম্পাদক রাফিউর রহমান ফাত্তাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ফওজিয়া করবী এবং সহকারী অর্থ সম্পাদক সাইফুল্লাহ ফিহাদ উপস্থিত ছিলেন।

আলোচনায় ব্রুনাইয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং দক্ষ ও প্রশিক্ষিত বাংলাদেশি জনশক্তির জন্য কর্মসংস্থানের সম্ভাবনা তৈরির বিষয়টি গুরুত্ব পায়। একই সঙ্গে দুই দেশের মধ্যে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়।

ছাত্রপক্ষের নেতারা বলেন, বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ আরও বাড়ানো প্রয়োজন। এ ক্ষেত্রে ব্রুনাইয়ের সঙ্গে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করা সম্ভব বলে তারা মত দেন।

বৈঠকে শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক বিনিময় জোরদারের বিষয়েও আলোচনা হয়। বিশেষ করে তরুণদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ ও ব্রুনাইয়ের জনগণের মধ্যে সম্পর্ক আরও গভীর করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া বৈঠকে বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং তরুণ প্রজন্মের ভূমিকা নিয়েও উপস্থিত নেতারা মতবিনিময় করেন।