জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা বাড়াতে পদক্ষেপের উদ্যোগ
জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং কর্মক্ষেত্রে একটি নিরাপদ, সহায়ক ও মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে ‘জানবো, জানাবো, সহিংসতা থামাবো’ শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে পদক্ষেপ। আজ মঙ্গলবার পদক্ষেপের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা সরাসরি ও অনলাইনে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে জেন্ডারভিত্তিক সহিংসতা, সাইবার বুলিং, সাইবার হয়রানি এবং নিরাপদ অভিভাবকত্ব বিষয়ে সচেতনতা ও ধারণা আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। সহিংসতার বিভিন্ন ধরন ও পূর্বলক্ষণ চিহ্নিত করা, প্রচলিত ভ্রান্ত ধারণা মোকাবিলা করা, কর্মক্ষেত্র ও অনলাইন পরিসরে সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত ও মোকাবিলা করা এবং সহিংসতার শিকার ব্যক্তিদের আইনি অধিকার, সুরক্ষা ও প্রয়োজনীয় সহায়তা পাওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি, দায়িত্বশীল অভিভাবকত্ব এবং শিশু, পরিবার ও সমাজের জন্য আরও নিরাপদ, সম্মানজনক ও সহায়ক পরিবেশ তৈরির গুরুত্বও তুলে ধরা হয়।
পদক্ষেপের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট এবিএম সিদ্দীক স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। তিনি সহিংসতা প্রতিরোধে ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্মিলিত দায়িত্বের ওপর গুরুত্বারোপ করে বলেন, সহিংসতা প্রতিরোধের প্রথম ধাপ হলো এর ধরন ও পূর্বলক্ষণ সম্পর্কে জানা। প্রয়োজনের সময় সঠিক জায়গায় জানানো এবং সহিংসতার শিকার ব্যক্তির পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই একটি নিরাপদ পরিবেশ তৈরিতে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
অনুষ্ঠানে পদক্ষেপ-এর মাইক্রোফাইন্যান্স অপারেশন বিভাগের যুগ্ম পরিচালক এবং হেড অব সেফগার্ডিং- সজীব হাসনাত, সেফগার্ডিং এবং জেন্ডারভিত্তিক সহিংসতার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি সহিংসতার ধরন ও পূর্বলক্ষণ সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করা এবং কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ তৈরিতে প্রত্যেকের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের বিশেষ আলোচক ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ) মোছাঃ লিজা বেগম, পিএসসি, সহিংসতার শিকার ব্যক্তিদের আইনি অধিকার, সুরক্ষা এবং অভিযোগ জানানোর সঠিক পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি প্রয়োজনের সময় নীরব না থেকে যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর এবং প্রয়োজন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ার গুরুত্ব তুলে ধরেন। এ সময় তিনি ৯৯৯ ও ১০৯-সহ প্রয়োজনীয় সহায়তা ও সেবা পাওয়ার উপায় সম্পর্কেও অংশগ্রহণকারীদের অবহিত করেন।
পদক্ষেপ বিশ্বাস করে, এ ধরনের সচেতনতামূলক আয়োজন কর্মীদের মধ্যে জেন্ডারভিত্তিক সহিংসতা সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণ এবং প্রয়োজনের সময় যথাযথ পদক্ষেপ গ্রহণে সহায়ক হবে। এর মাধ্যমে কর্মক্ষেত্রে নিরাপত্তা, পারস্পরিক সম্মান ও দায়িত্বশীলতার সংস্কৃতি আরও শক্তিশালী করার সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পদক্ষেপের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন্স বিভাগের যুগ্ম পরিচালক উম্মে সুমাইয়া মতিয়াতুর রাসুল।