Favicon

প্রাণীর কল্যাণ নিশ্চিতে চসিক ও সিভাসু যৌথভাবে কাজ করবে : চসিক মেয়র

প্রতিবেদক: ST Reporter অক্টোবর ৩, ২০২৬, ৮:০৯ অপরাহ্ণ বিভাগ: মেট্রোপলিটন
প্রাণীর কল্যাণ নিশ্চিতে চসিক ও সিভাসু যৌথভাবে কাজ করবে : চসিক মেয়র
ছবি : বাসস
প্রাণিকল্যাণে চসিক-সিভাসুর যৌথ উদ্যোগের ঘোষণা মেয়রের

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, প্রাণীর কল্যাণ নিশ্চিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) যৌথভাবে কাজ করবে। 

চসিক মেয়র বলেন, প্রাণীর কল্যাণে সিভাসু কর্তৃপক্ষের যে কোন উদ্যোগে চসিকের সার্বিক সহযোগিতা থাকবে। পাশাপাশি সিটি কর্পোরেশনের যে কোন প্রাণিবান্ধব পদক্ষেপেও তিনি সিভাসু’র সহযোগিতা কামনা করেন।

আজ ‘বিশ্ব প্রাণিকল্যাণ দিবস ২০২৬’ উপলক্ষে সিভাসু’তে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগের উদ্যোগে ‘তাদের চোখে বিশ্বকে দেখুন’- প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে সিভাসু’তে ‘বিশ্ব প্রাণিকল্যাণ দিবস ২০২৬’ উদযাপন করা হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীদের অংশগহণে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী।

বক্তৃতায় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়, সিটি কর্পোরেশন ও স্থানীয় সরকার-সবাই মিলে একসাথে কাজ করলে প্রাণীর অধিকার নিশ্চিত করা সম্ভব হবে।

ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগের প্রধান প্রফেসর ড. আমির হোসেন সৈকতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর গৌতম কুমার দেবনাথ, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দীন এবং পরিচালক (ওয়ান হেলথ ইনস্টিটিউট) প্রফেসর ড. মো. আহসানুল হক।

অনুষ্ঠানে ‘প্রাণিকল্যাণ : বাংলাদেশ প্রেক্ষাপট’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম।