Favicon

শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৮, ২০২৬, ৯:৩৪ অপরাহ্ণ বিভাগ: মেট্রোপলিটন
শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০
ছবি : সংগৃহীত
৪,০২৯ আবেদনকারীর মধ্য থেকে ইলেকট্রনিক লটারিতে নির্বাচন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুরু হতে পারে কর্মীদের ফ্লাইট

ঢাকা, ৮ নভেম্বর ২০২৬: শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর উদ্যোগের অংশ হিসেবে দেশটির খ্যাতনামা প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়া এসডিএন বিএইচডিতে (DHL Supply Chain Malaysia Sdn. Bhd.) নিয়োগের জন্য লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থী নির্বাচন করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।

অনলাইনে আবেদন করা ৪ হাজার ২৯ জন প্রার্থীর মধ্য থেকে ইলেকট্রনিক পদ্ধতিতে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় এই নির্বাচন করা হয়। নির্বাচিতদের মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদে ১০০ জন রয়েছেন।

রোববার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের প্রবাসী মিলনায়তনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধি, বোয়েসেলের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে লটারি কার্যক্রম সম্পন্ন হয়।

গত ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জনের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নেবেন নিয়োগকারী প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনের প্রতিনিধিরা। পরীক্ষা শেষে চূড়ান্তভাবে উত্তীর্ণ ১১২ জন কর্মীকে সম্পূর্ণ শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় পাঠানো হবে।

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমাদুল হক বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে এক কোটি কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্য অর্জনে এ ধরনের উদ্যোগ সহায়ক ভূমিকা রাখবে।

তিনি বলেন, প্রবাসী কল্যাণমন্ত্রীর ঘোষিত শূন্য অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর প্রতিশ্রুতিও এ উদ্যোগের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বলেন, সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে প্রথমবারের মতো লটারির মাধ্যমে যোগ্য ও দক্ষ কর্মী বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, “এর মাধ্যমে আমরা দেশবাসীকে বার্তা দিতে চাই যে, বোয়েসেল সর্বদা স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করে।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচিত কর্মীদের মধ্য থেকে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্তদের ফ্লাইট ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই শুরু হতে পারে।

তিনি আরও জানান, পর্যটন, ম্যানুফ্যাকচারিং ও কেয়ারগিভিং খাতে মালয়েশিয়ার নিয়োগকর্তাদের কাছ থেকে ইতোমধ্যে আরও ৫৫৮ জন কর্মীর চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।

এসব কর্মীর মেডিকেল পরীক্ষা ও বিমানভাড়াসহ বিদেশ যাওয়ার সম্পূর্ণ ব্যয় নিয়োগকর্তারা বহন করবেন। ফলে সংশ্লিষ্ট কর্মীরা কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় কাজের সুযোগ পাবেন।

অনুষ্ঠানে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুজ্জামান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব নূরুন নাহারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জনের তালিকা শিগগিরই বোয়েসেলের সরকারি ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে।