Favicon

রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমার দোষী : আইসিজে’র রায়ে ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনের নির্দেশ

প্রতিবেদক: ST Reporter নভেম্বর ২০, ২০২৬, ৪:২৫ অপরাহ্ণ বিভাগ: মেট্রোপলিটন
রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমার দোষী : আইসিজে’র রায়ে ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনের নির্দেশ
ছবি : সংগৃহীত
আইসিজের রায়ে রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমার দোষী সাব্যস্ত

সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানো এবং তা প্রতিরোধে ব্যর্থ হওয়ার অভিযোগে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে ঐতিহাসিক রায় দিয়েছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।

আজ বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত পিস প্যালেসের ‘গ্রেট হল অব জাস্টিস’-এ স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) আদালতের ১৫ সদস্যের বিচারক প্যানেল সংখ্যাগরিষ্ঠ ভোটে এই চূড়ান্ত রায় ঘোষণা করেন।

রায়ে আদালত বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা, ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ কর্মসূচি চালু করা এবং রায় বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে আগামী দুই বছরের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার জন্য মিয়ানমারকে নির্দেশ দিয়েছে।

আইসিজে’র ৮০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হলো। আদালতের এই রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ নেই।

প্রায় তিন ঘণ্টাব্যাপী রায় ঘোষণার অধিবেশনে আইসিজে’র প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া আদালতের পর্যবেক্ষণ ও সিদ্ধান্তগুলো তুলে ধরেন। রায়ে আদালতের ১৫ জন বিচারকের মধ্যে ৯ জনই (৯-৬ ভোটে) রায় দেন যে, মিয়ানমার উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালিয়েছে এবং গণহত্যা প্রতিরোধের আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে।

এই সিদ্ধান্তের সঙ্গে বিচারপতি সেবুতিন্দে, তোমকা, আব্রাহাম, জু, নোল্টে এবং অ্যাডহক বিচারক ক্রেস দ্বিমত পোষণ করে যৌথ ভিন্নমত দেন। তবে রোহিঙ্গাদের বিরুদ্ধে প্রকাশ্যে গণহত্যার উসকানি দেওয়ার অভিযোগ থেকে ১৪-১ ভোটে মিয়ানমারকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আদালত রোহিঙ্গাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও আত্মপরিচয়ের ভিত্তিতে একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী এবং ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশনের অধীনে ‘সুরক্ষিত গোষ্ঠী’ হিসেবে স্বীকৃতি দিয়েছে।

বিচারপতি ইওয়াসাওয়া বলেন, উপস্থাপিত সকল তথ্য-প্রমাণ সামগ্রিকভাবে বিবেচনা করে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, মিয়ানমারের কর্মকাণ্ডের একমাত্র যুক্তিসঙ্গত ব্যাখ্যা হলো উত্তর রাখাইন রাজ্যের রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার সুনির্দিষ্ট অভিপ্রায়।

রায়ে উল্লেখ করা হয়, ২০১৭ সালে উত্তর রাখাইনে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর পরিচালিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা শুদ্ধি অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সেনাবাহিনী রোহিঙ্গা নারীদের ওপর ব্যাপক যৌন সহিংসতা ও শিশুদের ওপর চরম নৃশংসতা চালিয়েছে। পাশাপাশি রোহিঙ্গা গ্রামগুলো পরিকল্পিতভাবে পুড়িয়ে ও গুঁড়িয়ে দিয়ে সেখানে অ-রোহিঙ্গা জনগোষ্ঠীকে পুনর্বাসন করা হয়েছে।

সশস্ত্র গোষ্ঠী ‘আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি’ (আরসা)-র পুলিশ ফাঁড়িতে হামলার জবাবে বৈধ সন্ত্রাসবিরোধী অভিযান চালানোর যে দাবি মিয়ানমার করেছিল, আদালত তা প্রত্যাখ্যান করেছে। আদালত বলেছে, সামরিক অভিযানে সশস্ত্র যোদ্ধা ও সাধারণ নিরস্ত্র বেসামরিক নাগরিকদের মধ্যে কোনো পার্থক্য করা হয়নি এবং সামরিক লক্ষ্যবস্তুর পাশাপাশি গণহত্যার অভিপ্রায়ও স্পষ্টভাবে বিদ্যমান ছিল।

আইসিজের রায় বাধ্যতামূলক এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। তবে রায় বাস্তবায়নের কোনো সরাসরি ব্যবস্থা আদালতের হাতে নেই। ফলে মিয়ানমারের শাসকরা এসব নির্দেশ মেনে চলবে কি না, তা এখনো অনিশ্চিত।

তবে এ রায় মিয়ানমারের নেতা মিন অং হ্লাইংয়ের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।

২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে দমন অভিযানের সময় তিনি সামরিক বাহিনীর নেতৃত্বে ছিলেন। পরে ২০২১ সালে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক অভ্যুত্থানের নেতৃত্ব দেন।

এ বছর কঠোরভাবে সীমিত নির্বাচনের পর তাঁকে বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক বৈধতা অর্জনে তিনি কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছেন। আইসিজের এ রায় সেই প্রচেষ্টাকে জটিল করে তুলতে পারে।

এই ঐতিহাসিক রায় প্রদানের ক্ষেত্রে চলতি বছরের ১২ থেকে ২৯ জানুয়ারি অনুষ্ঠিত চূড়ান্ত শুনানিতে প্রত্যক্ষদর্শী রোহিঙ্গা ভুক্তভোগীদের দেওয়া লোমহর্ষক সাক্ষ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আইসিজে’র ইতিহাসে বিরল এই সরাসরি সাক্ষ্যগ্রহণের জন্য চারটি রুদ্ধদ্বার অধিবেশন অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশের কক্সবাজারের শরণার্থী শিবির থেকে যাওয়া রোহিঙ্গা ভুক্তভোগীরা নিজেদের চোখের সামনে ঘটে যাওয়া নৃশংসতার বিবরণ তুলে ধরেন।

শুনানিতে ‘এনজে’ ছদ্মনামের চুট পাইন গ্রামের এক রোহিঙ্গা নারী বিচারকদের সামনে কান্নাজড়িত কণ্ঠে সাক্ষ্য দেন যে, মিয়ানমারের সেনাসদস্যরা কীভাবে তার চোখের সামনে তার স্বামী ও শ্বশুরকে গুলি করে হত্যা করে। তিনি আরও জানান, সেনারা তার কোল থেকে এক শিশু সন্তানকে ছিনিয়ে নিয়ে ছুরিকাঘাতে হত্যার পর জ্বলন্ত আগুনে নিক্ষেপ করে এবং পরবর্তীতে তাকে দলবদ্ধভাবে ধর্ষণ করে।

অন্যান্য রোহিঙ্গা সাক্ষীরাও আদালতকে জানান, কীভাবে মিয়ানমার সেনাবাহিনী পরিকল্পিতভাবে গ্রামগুলো ঘিরে ফেলে নির্বিচারে গুলিবর্ষণ করত, জীবিত মানুষদের ঘরে আটকে আগুন ধরিয়ে দিত এবং প্রাণ বাঁচাতে সীমান্তের দিকে পালিয়ে যাওয়া নিরস্ত্র নারী-পুরুষ ও শিশুদের ওপর পেছন থেকে হামলা চালাত।

ভুক্তভোগীদের এসব জবানবন্দির পাশাপাশি জাতিসংঘের স্বাধীন তদন্ত দলের (আইআইএমএম) সংগ্রহ করা স্যাটেলাইট চিত্র ও ডিজিটাল তথ্য-প্রমাণ মিয়ানমারের ‘সন্ত্রাসবিরোধী অভিযানের’ দাবিকে সম্পূর্ণ মিথ্যা প্রমাণ করে।

রায়ে মিয়ানমার রাষ্ট্রের প্রতি বাধ্যতামূলক নির্দেশনা জারি করে বলা হয়েছে, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ বাসভূমিতে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোর পুনর্মিলনের ব্যবস্থা করতে হবে। একইসঙ্গে ভুক্তভোগী রোহিঙ্গা ও তাদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন সহায়তা প্রদানের জন্য একটি প্রাতিষ্ঠানিক কর্মসূচি গ্রহণ করতে হবে এবং গণহত্যার সঙ্গে জড়িত নিজ দেশের নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত পরিচালনা করে বিচারের মুখোমুখি করতে হবে।

এসব নির্দেশনা বাস্তবায়নে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানিয়ে আগামী দুই বছরের মধ্যে আইসিজেতে বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে হবে।

উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গারা কয়েক দশক ধরে রাষ্ট্রীয় বৈষম্য ও নাগরিকত্বহীনতার শিকার হয়ে আসছিল। ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনী উত্তর রাখাইনে নৃশংস দমন-পীড়ন শুরু করলে প্রাণ বাঁচাতে সাত লক্ষাধিক রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নেয়। আগে থেকে অবস্থানরত শরণার্থীসহ বর্তমানে বাংলাদেশের কক্সবাজার ও ভাসানচরে ১২ লক্ষাধিক রোহিঙ্গা আশ্রয় নিয়ে আছে।

এই নৃশংসতার বিচার চেয়ে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) ৫৭টি সদস্য রাষ্ট্রের সমর্থনে ২০১৯ সালের ১১ নভেম্বর আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা দায়ের করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। গাম্বিয়ার তৎকালীন অ্যাটর্নি জেনারেল ও বিচারমন্ত্রী আবুবকর তামবাদু এই ঐতিহাসিক মামলার নেতৃত্ব দেন।

এর পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৩ জানুয়ারি আইসিজে এক সর্বসম্মত অন্তর্বর্তীকালীন আদেশে রোহিঙ্গাদের ওপর সম্ভাব্য গণহত্যা প্রতিরোধ এবং আলামত সংরক্ষণের জন্য মিয়ানমারকে জরুরি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেয়। পরবর্তীতে ২০২২ সালের ২২ জুলাই আদালত মিয়ানমারের প্রাথমিক আপত্তি খারিজ করে দিয়ে মামলাটি পরিচালনার পূর্ণ এখতিয়ার ঘোষণা করে।
এই মামলায় গাম্বিয়ার পক্ষে এবং গণহত্যা সনদের ব্যাখ্যায় যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, কানাডা, নেদারল্যান্ডস, ডেনমার্ক, মালদ্বীপ, স্লোভেনিয়া, বেলজিয়াম, আয়ারল্যান্ড ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রসহ মোট ১১টি দেশ আনুষ্ঠানিকভাবে হস্তক্ষেপ করে।

বাংলাদেশে সীমান্তের ওপারে বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরে বসবাসরত ১২ লাখেরও বেশি রোহিঙ্গার কাছে এ রায় জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে আশার আলো হয়ে এসেছে। রায় ঘোষণার আগে পরিবারের সঙ্গে একটি ছোট আশ্রয়কেন্দ্রে বসবাসরত ২৩ বছর বয়সী ধর্ষণের শিকার এক রোহিঙ্গা নারী বলেন, ‘আমি ন্যায়বিচার চাই।’

পরিচয় প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘যারা নারীদের ধর্ষণ করেছে, তাদের কঠোর শাস্তি হওয়া উচিত। আইসিজের এ বিষয়ে আলাদাভাবে কিছু বলা উচিত।’ সহিংসতা থেকে বেঁচে আসা রোহিঙ্গারা দলবদ্ধ ধর্ষণ, গণহত্যা এবং পরিবার ও শিশুদের ওপর নির্মম নির্যাতনের ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

শরণার্থী শিবিরের দুর্দশাপূর্ণ পরিবেশ থেকে দূরে আইসিজের ১৫ বিচারকের একটি প্যানেল সাত বছর ধরে বিবেচনা করেছে, মিয়ানমারের কর্মকাণ্ড গণহত্যার পর্যায়ে পড়ে কি না।

১৯৪৮ সালের জাতিসংঘ গণহত্যা কনভেনশনের আওতায় গাম্বিয়া এ মামলাটি দায়ের করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত ওই আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী, কোনো রাষ্ট্র অন্য একটি রাষ্ট্রের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের সন্দেহে মামলা করতে পারে। জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী আইসিজে’র এই রায় মেনে চলতে মিয়ানমার আইনত বাধ্য এবং রায় বাস্তবায়নে ব্যর্থ হলে গাম্বিয়া বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপন করতে পারবে।
মিয়ানমার বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির যুক্তি, ধারাবাহিক হামলায় নিরাপত্তা বাহিনীর এক ডজন সদস্য নিহত হওয়ার পর তারা বিদ্রোহীদের সামরিক উত্থান মোকাবিলা করছিল।

জানুয়ারিতে মামলার শুনানিতে মিয়ানমারের প্রতিনিধি কো কো হ্লাইং বিচারকদের বলেন, ‘মিয়ানমারের নিষ্ক্রিয় থাকা এবং সন্ত্রাসীদের অবাধে চলতে দেওয়ার কোনো বাধ্যবাধকতা ছিল না।’

গাম্বিয়ার বিচারমন্ত্রী বলেন, বহু বছর ধরে অমানবিকীকরণ ও নিপীড়নের শিকার একটি অসহায় জনগোষ্ঠীর ওপর কল্পনাতীত নৃশংস ও ভয়াবহ সহিংসতার বিশ্বাসযোগ্য প্রতিবেদন পর্যালোচনা করেই তাঁর দেশ মামলাটি দায়ের করেছে।

মন্ত্রী দাওদা জালো বলেন, আইসিজেতে গাম্বিয়ার উদ্যোগের প্রতি ৫৭ সদস্যের ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ‘পূর্ণ সমর্থন ও সহযোগিতা’ রয়েছে। তিনি বলেন, ‘এটি আন্তর্জাতিক আইনের জটিল কোনো বিষয় নয়; এটি বাস্তব মানুষ, বাস্তব গল্প এবং বাস্তব একটি মানবগোষ্ঠীর বিষয়।’

রায় ঘোষণার আগে সহিংসতা থেকে বেঁচে আসা মোহাম্মদ ওসমান বলেন, তিনি আশা করছেন, এ রায়ের মাধ্যমে দেশে ফিরে নিহত বাবা-মা ও ছোট ভাইয়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ও তাদের রুহের মাগফেরাত কামনা করতে পারবেন।

২০ বছর বয়সী ওসমান এএফপিকে বলেন, ‘তারা আমার বাবাকে গুলি করে হত্যা করেছে, আমার মাকে আরও কয়েকজন নারীর সঙ্গে একটি ঘরে নিয়ে ধর্ষণ করেছে এবং আমাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে।’