Favicon

মনপুরা উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা বরখাস্ত

প্রতিবেদক: ST Reporter নভেম্বর ১৯, ২০২৬, ৪:৪৩ অপরাহ্ণ বিভাগ: মেট্রোপলিটন
মনপুরা উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা বরখাস্ত
ছবি : বাসস
দুর্নীতির অভিযোগে মনপুরার সহকারী মৎস্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

জেলার মনপুরা উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা কাজল রেখাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এ বিষয়ে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন আজ দুপুরে বাসস’কে জানান,

প্রজ্ঞাপন অনুযায়ী,মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের সহকারী মৎস্য কর্মকর্তা কাজল রেখার বিরুদ্ধে স্থানীয়ভাবে দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়েছে। এর ভিত্তিতে সরকারি চাকরি আইন-২০১৮-এর ধারা ৩৯(১) এর বিধান এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) ও ৩(ঘ) অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। কাজল রেখাকে মনপুরা থেকে প্রত্যাহার করে বৃহস্পতিবার জেলা সদরে সংযুক্ত করা হয়েছে বলেও জানান জেলা মৎস্য দপ্তরের এই শীর্ষ কর্মকর্তা।

এদিকে মন্ত্রণালয়ের জারি করা ওই আদেশে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা,২০১৮-এর বিধি ১২(১) অনুযায়ী কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন মনে করেছে। সে অনুযায়ী কাজল রেখাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।

গত ১২ নভেম্বর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের (মৎস্য-২ শাখা) সচিব মো. দেলোয়ার হোসেন স্বাক্ষরিত রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করা হয়। 

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।