Favicon

পাকিস্তানে বাংলাদেশি শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৬, ২০২৬, ২:৫২ অপরাহ্ণ বিভাগ: মেট্রোপলিটন
পাকিস্তানে বাংলাদেশি শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা
শুক্রবার (১৬ অক্টোবর) ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিনিধিদলকে ফুলেল অভ্যর্থনা জানান পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার ফজলে লোহানী বাবু।
ইসলামাবাদে চার দিনের সফরে ১৫ সদস্যের প্রতিনিধিদল

পারফর্মিং আর্টসে দ্বিপক্ষীয় সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির আওতায় চার দিনের সফরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন বাংলাদেশের একটি সাংস্কৃতিক প্রতিনিধিদলের সদস্যরা।

শুক্রবার (১৬ অক্টোবর) ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিনিধিদলকে ফুলেল অভ্যর্থনা জানান পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার ফজলে লোহানী বাবু। এ সময় পাকিস্তান সরকারের পক্ষে পাকিস্তান ন্যাশনাল কাউন্সিল অব দ্য আর্টসের (পিএনসিএ) মহাপরিচালক মুহাম্মদ আইয়ুব জামালি এবং প্রটোকল-সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিজানুর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন বাংলাদেশের কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী ও সংগীতশিল্পীরা।

সফরকালে আগামীকাল শনিবার (১৭ অক্টোবর) ইসলামাবাদের পাকিস্তান ন্যাশনাল কাউন্সিল অব দ্য আর্টসে এবং রোববার (১৮ অক্টোবর) লোক ভিরসায় ‘বাংলাদেশ কালচারাল ইভনিং’ শীর্ষক অনুষ্ঠানে পরিবেশনা করবেন বাংলাদেশের শিল্পীরা।

দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর লক্ষ্যে এ সফরের আয়োজন করা হয়েছে। এর মধ্য দিয়ে পাকিস্তানের দর্শকদের সামনে বাংলাদেশের সংগীত, নৃত্য ও পরিবেশনাশিল্পের বিভিন্ন দিক তুলে ধরার সুযোগ তৈরি হবে।