অ্যাসোসিও অ্যাওয়ার্ড পেল বাংলাদেশের তিন প্রযুক্তি প্রতিষ্ঠান
ঢাকা, ৭ অক্টোবর ২০২৬: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক সংগঠন এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন (অ্যাসোসিও) অ্যাওয়ার্ডস-২০২৬-এ সম্মাননা পেয়েছে বাংলাদেশের তিন প্রযুক্তি প্রতিষ্ঠান।
জাকার্তায় আয়োজিত অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিট ২০২৬-এর অ্যাওয়ার্ড নাইটে দ্য ডাটাবেজ সফটওয়্যার লিমিটেড, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট ও স্কিলআপারকে তিনটি পৃথক ক্যাটাগরিতে এই সম্মাননা দেওয়া হয়।
৫ অক্টোবর থেকে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার সুইসোটেল জাকার্তা পিআইকে অ্যাভিনিউতে শুরু হওয়া তিন দিনের সম্মেলনের দ্বিতীয় দিন, ৬ অক্টোবর সন্ধ্যায় ‘অ্যাওয়ার্ড নাইট’ অনুষ্ঠিত হয়। সেখানে অ্যাসোসিও চেয়ারম্যান স্ট্যান সিং-জিৎ এবং সংগঠনটির আজীবন সম্মানিত চেয়ারম্যান ও অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান আব্দুল্লাহ এইচ কাফির কাছ থেকে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন।
বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) মনোনয়নে গ্লোবাল বিজনেস সার্ভিস ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে দ্য ডাটাবেজ সফটওয়্যার লিমিটেড। প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও রাশেদ কামাল পুরস্কার গ্রহণ করেন।
ট্যালেন্ট ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটির সিইও মো. মনির হোসেন সম্মাননা গ্রহণ করেন।
অন্যদিকে এআই ইন এডুকেশন অ্যাওয়ার্ড পেয়েছে স্কিলআপার। প্রতিষ্ঠানটির ফাউন্ডার ও চিফ ইনস্ট্রাক্টর মো. শামীম হুসাইন পুরস্কার গ্রহণ করেন।
অনুষ্ঠানে বিসিএস সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম, সহসভাপতি মো. ওয়াহিদুল হাসান দিপু, মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. আহসানুল ইসলাম নওশাদ, কোষাধ্যক্ষ আবুল হাসান এবং পরিচালক মো. নজরুল ইসলাম হাজারী ও মো. ইকবাল হোসাইনসহ ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল।
বিসিএস সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, এশিয়া-ওশেনিয়া অঞ্চলের ডিজিটাল অর্থনীতিতে বাংলাদেশের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক স্বীকৃতি দেশের আইসিটি খাতের জন্য গুরুত্বপূর্ণ অর্জন। তিন প্রতিষ্ঠানের এই সম্মাননা বাংলাদেশের প্রযুক্তি খাতের সক্ষমতা, উদ্ভাবন ও দক্ষ মানবসম্পদের আন্তর্জাতিক স্বীকৃতি বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, দীর্ঘদিনের পরিশ্রম, মেধা ও নিষ্ঠার ফলেই এ ধরনের অর্জন সম্ভব হয়েছে। এই স্বীকৃতি বাংলাদেশের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক বাজারে আরও এগিয়ে যেতে উৎসাহিত করবে। বৈশ্বিক প্রযুক্তি অঙ্গনে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন ও টেকসই ডিজিটাল রূপান্তরে আরও গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে।
এবারের অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটের মূল প্রতিপাদ্য—‘নিরাপদ, সহনশীল ও আন্তঃসংযুক্ত ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে ডিজিটাল রূপান্তর ত্বরান্বিতকরণ’।
সম্মেলনে এশিয়ার ৩১টি সদস্যদেশের মধ্যে ২৭টি দেশ অংশ নিয়েছে। এসব দেশের প্রযুক্তিবিদ, উদ্যোক্তা, নীতিনির্ধারক ও বিনিয়োগকারীরা সম্মেলনে অংশ নিচ্ছেন।
স্বাগতিক সংগঠন ইন্দোনেশিয়ান আইসিটি বিজনেস অ্যাসোসিয়েশন (এপটিকনাস) তিন দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করেছে। ৫ অক্টোবর শুরু হওয়া সম্মেলনটি আজ ৭ অক্টোবর শেষ হওয়ার কথা।