Favicon

তিন দিনের সরকারি সফরে রাশিয়ার পথে পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক: ST Reporter জুন ৭, ২০২৬, ২:৫৪ অপরাহ্ণ বিভাগ: মেট্রোপলিটন
তিন দিনের সরকারি সফরে রাশিয়ার পথে পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ফাইল ছবি
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান রাশিয়া সফরে গিয়ে দ্বিপাক্ষিক ও বৈশ্বিক ইস্যুতে সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করবেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তিন দিনের এক সরকারি সফরে আজ সকালে রাশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সফরকালে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই সফরে রয়েছেন।

এর আগে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সফরের বিষয়টি নিশ্চিত করে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের আমন্ত্রণে ড. খলিলুর রহমান ৭ থেকে ৯ জুন দেশটি সফর করবেন বলে জানিয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানান, আগামী ৮ জুন মস্কোয় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করবেন। সেখানে তারা বর্তমান দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ছাড়াও গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি আলোচনায় স্থান পাবে বলে আশা করা হচ্ছে।

এই সফরের মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান অবস্থা পর্যালোচনা করার এবং বিভিন্ন খাতে সহযোগিতা আরও বৃদ্ধির সুযোগ তৈরি হবে।

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্য, জ্বালানি, শিক্ষা ও বহুপাক্ষিক বিষয়সহ বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিনের সুসম্পর্ক ও সহযোগিতা রয়েছে।

সফর শেষে আগামী ৯ জুন ড. খলিলুর রহমানের ঢাকায় ফেরার কথা রয়েছে।