ভোলায় ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন।
জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় ভোলা সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ প্রেস কনফারেন্সের প্রধান অতিথির বক্তব্য দেন, সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান।
প্রেস কনফারেন্সে জানানো হয়, আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ৬ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে এক ডোজ ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ১ হাজার ৬৮৯টি কেন্দ্রে একযোগে এ ক্যাম্পেইন পরিচালিত হবে।
এ কর্মসূচির আওতায় ২ লাখ ৯৩ হাজার ১৩৬ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরও জানানো হয়, এ কর্মসূচি সফলভাবে পালনে জেলার বিভিন্ন কেন্দ্রে ৬১৯ জন স্বাস্থ্যকর্মী ও ১০৮ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন।
সভায় বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, রাতকানা রোগ প্রতিরোধ এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নির্ধারিত বয়সের সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।
তারা আরও বলেন, কোনো শিশুকে খালি পেটে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না। শিশুকে মায়ের দুধ বা অন্য কোনো খাবার খাওয়ানোর পর ক্যাপসুল খাওয়াতে হবে।