মশিহর সিকিউরিটিজের বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেওয়া শুরু
মশিহর সিকিউরিটিজ লিমিটেডের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের যাচাইকৃত পাওনা অর্থ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ইনভেস্টর প্রটেকশন ফান্ড (আইপিএফ) থেকে পরিশোধের কার্যক্রম শুরু হয়েছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী, ২১ এপ্রিল ২০২৬-এর মধ্যে ডিএসইতে অভিযোগ দাখিল করা বিনিয়োগকারীদের যাচাইকৃত দাবির বিপরীতে এ অর্থ পরিশোধ করা হচ্ছে।
সোমবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ১৫ জন বিনিয়োগকারীর হাতে চেক তুলে দেওয়ার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান।
অনুষ্ঠানে বিএসইসির কমিশনার নাফিজ আল তারিক ও হোসেইন শাদাত, ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম, ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার, আইপিএফের চেয়ারম্যান নাসরিন বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাসুদ খান বলেন, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য চেক হস্তান্তরের দিনটি স্বস্তির। দীর্ঘদিনের সমস্যার সমাধানের প্রক্রিয়া এর মধ্য দিয়ে শুরু হয়েছে। পর্যায়ক্রমে সব যাচাইকৃত বিনিয়োগকারীর পাওনা অর্থ পরিশোধ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে ট্রেকহোল্ডার প্রতিষ্ঠানগুলোর ব্যাক-অফিস ব্যবস্থাপনা আরও শক্তিশালী ও নিরাপদ করার ওপর গুরুত্ব দেন বিএসইসি চেয়ারম্যান। সংশ্লিষ্ট ব্যাংক ও সিসি অ্যাকাউন্টে বিনিয়োগকারীদের অর্থের অবস্থান নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে অর্থের নিরাপত্তা নিশ্চিত করার কথাও বলেন তিনি।
ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের যাচাইকৃত পাওনা পরিশোধের কার্যক্রম শুরু হওয়া ডিএসই ও দেশের পুঁজিবাজারের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
ডিএসই জানিয়েছে, পর্যায়ক্রমে ১৭ হাজার ৩০০-এর বেশি যাচাইকৃত ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীকে আইপিএফ থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত পরিশোধ করা হবে। যেসব বিনিয়োগকারীর সম্পূর্ণ পাওনা এ পর্যায়ে পরিশোধ করা সম্ভব হবে না, তাঁদের অবশিষ্ট অর্থ আইনানুগ প্রক্রিয়ায় পরিশোধের উদ্যোগ নেওয়া হবে।
ডিএসইর তথ্য অনুযায়ী, মশিহর সিকিউরিটিজের মোট ৯ হাজার ৩৮৬ জন বিনিয়োগকারীর দাবির বিপরীতে আইপিএফ থেকে মোট ৪২ কোটি ৭৩ লাখ টাকা পরিশোধ করা হবে। ‘ঢাকা স্টক এক্সচেঞ্জ (ইনভেস্টরস প্রটেকশন ফান্ড) রেগুলেশনস, ২০১৪’-এর ১৬(৭) অনুযায়ী সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত এ অর্থ দেওয়া হবে।
ডিএসই আরও জানিয়েছে, পর্যায়ক্রমে বাঙ্কো সিকিউরিটিজ, ক্রেস্ট সিকিউরিটিজ, তামহা সিকিউরিটিজ এবং শাহ মোহাম্মদ সগীর অ্যান্ড কো. লিমিটেডের যাচাইকৃত দাবির বিপরীতেও আইপিএফ থেকে অর্থ পরিশোধ করা হবে।
অর্থ ফেরত দেওয়ার অগ্রগতি ও সময়সূচি সম্পর্কে বিনিয়োগকারীদের ডিএসইর পক্ষ থেকে এসএমএসের মাধ্যমে জানানো হবে।