Favicon

রাশিয়ান হাউসে স্পুটনিক-১ উৎক্ষেপণের ৬৯ বছর পূর্তি উদযাপন

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৫, ২০২৬, ২:২৯ পূর্বাহ্ণ বিভাগ: মেট্রোপলিটন
রাশিয়ান হাউসে স্পুটনিক-১ উৎক্ষেপণের ৬৯ বছর পূর্তি উদযাপন
ছবি : সংগৃহীত
রাশিয়ান হাউসে স্পুটনিক-১ উৎক্ষেপণের ৬৯ বছর পূর্তি উদযাপন

ঢাকা: বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক-১ উৎক্ষেপণের ৬৯ বছর পূর্তি উপলক্ষে ঢাকায় স্পেস ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। গতকাল রোববার ঢাকাস্থ রাশিয়ান হাউসে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ‘স্পুটনিকফেস্ট ২০২৬’ নামে এ আয়োজন করা হয়।

১৯৫৭ সালের ৪ অক্টোবর তৎকালীন সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক-১ মহাকাশে উৎক্ষেপণ করে। এটিকে মানবজাতির মহাকাশ অনুসন্ধানের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হয়।

স্পেস ফেস্টিভ্যালে ঢাকার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি রাজধানীর বাইরের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেয়। শিক্ষক, জ্যোতির্বিজ্ঞানপ্রেমী ও অন্যান্য অতিথিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্পুটনিক-১ ও আধুনিক মহাকাশ অনুসন্ধান নিয়ে আলোকচিত্র প্রদর্শনী, স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান কুইজ, রাশিয়ার মহাকাশ কার্যক্রম নিয়ে সেমিনার এবং সনদ বিতরণ করা হয়। পরে টেলিস্কোপের মাধ্যমে রাতের আকাশ পর্যবেক্ষণের জন্য ‘স্কাই অবজারভেশন ক্যাম্প’ আয়োজন করা হয়।

সেমিনারে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জিল্লুর রহমান, গণিত বিভাগের অধ্যাপক ড. রেহেনা নাসরিন, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মশহুরুল আমিন এবং ঢাকাস্থ রাশিয়ান হাউসের পরিচালক আলেক্সান্দ্রা খ্লেভনয় বক্তব্য দেন।

বক্তারা পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞান বিষয়ে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা দেন। একই সঙ্গে বিজ্ঞান ও মহাকাশ অনুসন্ধানের প্রতি তরুণদের আগ্রহ আরও বাড়াতে তাঁদের উৎসাহিত করেন।

অনুষ্ঠানে রাশিয়ায় উচ্চশিক্ষার জন্য রুশ সরকারের সম্পূর্ণ অর্থায়িত বৃত্তির সুযোগের কথাও তুলে ধরেন আলেক্সান্দ্রা খ্লেভনয়। তিনি মহাকাশ প্রকৌশল, পদার্থবিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান ও উন্নত প্রযুক্তিনির্ভর বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের জানান।

আয়োজকেরা বলেন, তরুণদের মধ্যে মহাকাশবিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে আগ্রহ তৈরি এবং বিজ্ঞানভিত্তিক শিক্ষায় উৎসাহিত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।