Favicon

রূপপুর থেকে দ্রুত বিদ্যুৎ উৎপাদনে জোর বাংলাদেশ-রাশিয়ার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৪, ২০২৬, ৬:৫২ অপরাহ্ণ বিভাগ: মেট্রোপলিটন
রূপপুর থেকে দ্রুত বিদ্যুৎ উৎপাদনে জোর বাংলাদেশ-রাশিয়ার
Photo: Courtesy
রূপপুর থেকে দ্রুত বিদ্যুৎ উৎপাদনে জোর বাংলাদেশ-রাশিয়ার

ঢাকা, ১৪ সেপ্টেম্বর: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ত্বরান্বিত করে দ্রুত জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও রাশিয়া।

অস্ট্রিয়ার ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ৭০তম সাধারণ সম্মেলনের (৭০th IAEA General Conference) সাইডলাইনে আজ সোমবার বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকীর মাহবুব আনাম এবং রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের সর্বশেষ অগ্রগতি এবং দ্রুততম সময়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী প্রকল্পের অবশিষ্ট নির্মাণকাজ দ্রুত শেষ করার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে আন্তর্জাতিক পারমাণবিক মানদণ্ড ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে প্রকল্প বাস্তবায়নের ওপরও জোর দেন তিনি।

বৈঠকে রোসাটমের মহাপরিচালক প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের পাশে থেকে প্রয়োজনীয় প্রযুক্তিগত ও কৌশলগত সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। রাশিয়ার কারিগরি ও আর্থিক সহযোগিতায় পাবনার ঈশ্বরদীতে নির্মিত হচ্ছে কেন্দ্রটি।

বৈঠক শেষে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকীর মাহবুব আনাম ও রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ বাংলাদেশ-রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে শুভেচ্ছা স্মারক বিনিময় করেন।

দুই দেশের প্রতিনিধি দলের সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সফল ও দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে দুই পক্ষের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।