Favicon

শেখ হাসিনাকে পাসপোর্ট ইস্যু করার আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

প্রতিবেদক: ST Reporter নভেম্বর ১০, ২০২৬, ৭:৩৫ অপরাহ্ণ বিভাগ: মেট্রোপলিটন
শেখ হাসিনাকে পাসপোর্ট ইস্যু করার আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর
ছবি : সংগৃহীত
শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

পলাতক ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে পাসপোর্ট ইস্যু করার আইনগত কোন সুযোগ নেই। দেশে আসতে চাইলে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে আসতে হবে বলে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রথমেই শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, বাংলাদেশ পাসপোর্ট অর্ডার ১৯৭৩ এর আর্টিকেল ৬ এ বলা হয়েছে যে, কোন আসামি যদি দণ্ডিত হন এবং যখন তিনি পাসপোর্ট চাচ্ছেন তার থেকে পাঁচ বছরের মধ্যে যদি তিনি দণ্ডপ্রাপ্ত হন ও সেই দণ্ডের পরিমাণ যদি সর্বনিম্ন দুই বছর পর্যন্ত হয় তাহলে পাসপোর্ট অথরিটি তার বরাবরে কোন পাসপোর্ট ইস্যু করবেন না। একইভাবে আর্টিকেল ৭ এ বলা হয়েছে যে, কোন ব্যক্তি যদি কোন মোরাল টারপিটিউডের কারনে দণ্ডিত হন তাহলে তার পাসপোর্ট জব্দ করা অথবা রিমুভ করা যেতে পারে।

চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল কর্তৃক মানবতাবিরোধ অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত। এই মানবতাবিরোধী অপরাধকে মোরাল টারপিটিউড বলা হয়। সংগত কারনে বাংলাদেশ সরকার তার পাসপোর্ট বাতিল করেছেন এবং আইন অনুযায়ী অথরিটির কোন এখতিয়ার নাই কোনো দণ্ডিত ব্যক্তিকে পাসপোর্ট ইস্যু করার।

সাংবিধানিক দিক তুলে ধরে চিফ প্রসিকিউটর বলেন, একজন সাধারণ নাগরিকের বাংলাদেশ থেকে বাইরে যাওয়ার অধিকার আছে। বাংলাদেশের বাহিরের কোন রাষ্ট্র থেকে দেশে প্রবেশের অধিকার আছে। আমাদের সংবিধান নাগরিককে সে অধিকার দিয়েছে। কিন্তু সংবিধানের এই অধিকার কখনোই কোন দণ্ডিত ব্যক্তি বা পলাতক ব্যক্তির বেলায় প্রযোজ্য নয়। যেখানে শেখ হাসিনা দণ্ডপ্রাপ্তির আগে থেকেই পলাতক জীবনযাপন করছেন। তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে ও আনুষাঙ্গিক অন্যান্য কার্যক্রম গৃহীত হয়েছে। পত্রিকার বিজ্ঞপ্তি দেয়া হয়েছে তার মামলাগুলো মোকাবেলা করার জন্য, কিন্তু তিনি তা এড়িয়ে গেছেন।

চিফ প্রসিকিউটর আরও বলেন, শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে তার বিরুদ্ধে বিচারাধীন মামলা এভয়েড করেছেন। রায় প্রকাশিত হওয়ার পরে তিনি কোন আপিল ফাইল করেন নাই। তার আপিল দায়েরের আর কোন আইনগত সুযোগ নাই। তাহলে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বাংলাদেশ সরকার কি করে পাসপোর্ট ইস্যু করবে? একজন দণ্ডিত ব্যক্তিকে রাষ্ট্রের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে যদি পাসপোর্ট ইস্যু করে কিংবা ট্রাভেল পাস ইস্যু করে তাহলে তো বিচারের সঙ্গে মকারি করার শামিল হবে। আইন পরিষ্কার করে বলেই দিয়েছে যে মিনিমাম টু ইয়ার্স সাজা হলেই তাকে আর পাসপোর্ট দেওয়া যাবে না। অতএব বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পলাতক ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে পাসপোর্ট ইস্যু করার আইনগত কোন সুযোগ নেই।

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে, শেখ হাসিনার এপ্রোচের প্রেক্ষিতে মানবিক কারণে তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে। শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরতে চান তাহলে আমার মনে হয় সেটি ভারত সরকারকেই লিখিতভাবে তার বলতে হবে। কিন্তু আজ পর্যন্ত তিনি ভারত সরকারের কাছে লিখিতভাবে কিছু বলেছেন বলে আমাদের জানা নাই। আমাদের কাছে সন্দেহ হচ্ছে কিংবা আমাদের এটি বলতে দ্বিধা নাই যে, শেখ হাসিনার কখনোই সত্যিকার অর্থে বাংলাদেশে আসার কোন সদিচ্ছা নাই। যদি তার বাংলাদেশে আসার সদিচ্ছা থাকতো তাহলে তিনি মামলা চলমান অবস্থায় এসে মামলা মোকাবেলা করতেন। রায় প্রকাশিত হওয়ার ৩০ দিনের মধ্যে বাংলাদেশে এসে আপিল ফাইল করতেন। শেখ হাসিনা বাংলাদেশে আসবে না এবং আইনগতভাবে তার আসার কোন সুযোগ নাই। যদি আসেতে চান তাহলে সেটা প্রত্যর্পণ চুক্তির আওতায় আসতে হবে। তার আসা নিয়ে এখন যেসব তৎপরতা এটা তার রাজনৈতিক স্ট্যান্টবাজি।

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত সাবেক  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ২০২৫ সালের ১৭ নভেম্বর মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালের দেয়া রায়ে এই মামলায় আসামি থেকে ‘রাজসাক্ষী’ হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন।

ঐতিহাসিক এই রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশের পাশাপাশি শহীদদের পরিবারকে এবং আহতদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা।