Favicon

বাংলাদেশ-পাকিস্তানের শিল্পীদের পরিবেশনায় তুলে ধরা হলো দুই দেশের সাংস্কৃতিক ঐতিহ্য

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৯, ২০২৬, ১০:৩১ অপরাহ্ণ বিভাগ: সংস্কৃতি
বাংলাদেশ-পাকিস্তানের শিল্পীদের পরিবেশনায় তুলে ধরা হলো দুই দেশের সাংস্কৃতিক ঐতিহ্য
ছবি : সংগৃহীত
ইসলামাবাদে বাংলাদেশি সাংস্কৃতিক দলের সম্মানে বিশেষ আয়োজন

বাংলাদেশি সাংস্কৃতিক দলের সম্মানে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) পাকিস্তান ন্যাশনাল কাউন্সিল অব দ্য আর্টসের (পিএনসিএ) মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে দুই দেশের শিল্পীরা তাঁদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরেন।

ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার, পাকিস্তানের ন্যাশনাল হেরিটেজ অ্যান্ড কালচার ডিভিশনের (এনএইচসিডি) সংসদীয় সচিব সাজ্জাদ হায়দার, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়াবিষয়ক মহাপরিচালক ও মুখপাত্র, বাংলাদেশি সাংস্কৃতিক দলের সদস্য, দুই দেশের কূটনীতিক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

বাংলাদেশ ও পাকিস্তানের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে দুই দেশের শিল্পীদের পরিবেশনায় নিজ নিজ দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও শিল্পকলার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

বাংলাদেশি সাংস্কৃতিক দলের পাকিস্তান সফরের শেষ দিনে আয়োজিত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদারের সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছে বাংলাদেশ হাইকমিশন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় চুক্তির আওতায় এ কর্মসূচি আয়োজন করা হয়েছে। এর লক্ষ্য পারস্পরিক বোঝাপড়া ও সদিচ্ছা বাড়ানোর পাশাপাশি দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক আরও গভীর করা।

কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি সাংস্কৃতিক বিনিময়কে বাংলাদেশ ও পাকিস্তানের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির একটি মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়। এ ধরনের আয়োজনের মাধ্যমে দুই দেশের শিল্পী ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষের মধ্যে যোগাযোগ বাড়ার সুযোগ তৈরি হয়।