Favicon

রানা প্লাজায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৫, ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ণ বিভাগ: মেট্রোপলিটন
রানা প্লাজায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এর নেতৃত্বে সংগঠনের পরিচালনা পর্ষদ শুক্রবার জুরাইন কবরস্থানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে নিহত শ্রমিকদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। ছবি: এসটি
কর্মস্থলে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস

সাভারে রানা প্লাজা ধসের ১৩তম বার্ষিকীতে আজ বিজিএমইএ’র উদ্যোগে রাজধানীর জুরাইন কবরস্থানে ট্র্যাজেডিতে নিহত শ্রমিকদের স্মরণে শোক র‍্যালি, শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও কবর জিয়ারত সম্পন্ন হয়েছে।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এর নেতৃত্বে সংগঠনের পরিচালনা পর্ষদ জুরাইন কবরস্থানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে নিহত শ্রমিকদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি শেষে তারা নিহত শ্রমিকদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

শোক দিবসের এই কর্মসূচিতে বিজিএমইএ পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি মোঃ রেজোয়ান সেলিম, সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক নাফিস- উদ- দৌলা এবং পরিচালক মোহাম্মদ সোহেল। এছাড়া সাধারণ সদস্যগন এবং বিজিএমইএ এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।

মোনাজাত পরবর্তীতে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য করে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, রানা প্লাজার এই দিনটি আমাদের শিল্পের ইতিহাসে একটি অত্যন্ত শোকাবহ দিন। আইএলও সহ সংশ্লিষ্ট সকল মহলের সহযোগিতায় আমরা শুরু থেকেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থেকেছি এবং এখনো আমাদের সাধ্যমতো তাদের সহায়তা করে যাচ্ছি। 

তিনি ঘোষণা প্রদান করেন, রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কোনো শ্রমিক বা তাদের পরিবারের সদস্য যদি কর্মসংস্থানের সংকটে থাকেন, তবে বিজিএমইএ অগ্রাধিকার ভিত্তিতে তাদের চাকুরির ব্যবস্থা করবে। একইসঙ্গে তিনি আহ্বান জানিয়ে বলেন, রানা প্লাজার মতো একটি মানবিক ট্র্যাজেডিকে কেউ যেন সংকীর্ণ বা অসৎ উদ্দেশ্যে ব্যবহার না করেন। 

শিল্পের নিরাপত্তা প্রসঙ্গে তিনি আরও বলেন, ওই মর্মান্তিক দুর্ঘটনা থেকে প্রাপ্ত শিক্ষাকে কাজে লাগিয়ে বিগত বছরগুলোতে বাংলাদেশের তৈরি পোশাক খাতে আমূল ও বৈপ্লবিক পরিবর্তন এসেছে। আজ আমাদের শিল্প বিশ্বের কাছে নিরাপদ কর্মপরিবেশের একটি রোল মডেল হিসেবে স্বীকৃত। আমরা শ্রমিক ভাই-বোনদের কর্মস্থলে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।