বিজিএমইএর ১৪৭ কারখানায় উৎপাদন ব্যাহত, নিরাপত্তা নিশ্চিতের দাবি পোশাক মালিকদের
নিম্নতম মজুরি নিয়ে চলমান শ্রম অসন্তোষ ও কারখানার নিরাপত্তাহীনতার কারণে আগামীকাল ১৫ নভেম্বর থেকে আশুলিয়া ও সাভার এলাকার সংশ্লিষ্ট পোশাক কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন মালিকরা। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানিয়েছে তৈরি পোশাকশিল্পের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বিজিএমইএ কমপ্লেক্সে চলমান শ্রম পরিস্থিতি নিয়ে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে নিম্নতম মজুরি ইস্যুকে কেন্দ্র করে পোশাকশিল্পে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। এর ফলে বিশেষ করে আশুলিয়া, সাভার ও গাজীপুরের কয়েকটি শিল্পাঞ্চলে গত ৭ থেকে ১২ দিন ধরে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের অন্যতম প্রধান রপ্তানি খাত বড় ধরনের সংকটে পড়তে পারে।
বিজিএমইএ সভাপতি বলেন, অধিকাংশ শ্রমিক কাজে যোগ দিতে আগ্রহী এবং শান্তিপূর্ণ পরিবেশে কাজ করতে চান। তবে তাঁর অভিযোগ, কিছু শ্রমিক বাইরের মহলের উসকানিতে কারখানার ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন এবং অন্য শ্রমিকদের কাজে যোগ দিতে বাধা দিচ্ছেন। কোথাও কোথাও শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে কাজ বন্ধ করতে বাধ্য করা হচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, কিছু শ্রমিক কারখানা থেকে বের হয়ে দলবদ্ধভাবে অন্য কারখানার প্রধান ফটকে ইটপাটকেলসহ বিভিন্ন বস্তু নিক্ষেপ করছেন এবং অন্য কারখানার শ্রমিকদেরও জোর করে বের করে আনছেন। এতে শিল্পাঞ্চলের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
মাহমুদ হাসান খান জানান, চলমান পরিস্থিতিতে বিজিএমইএর সদস্যভুক্ত ১৪৭টি কারখানা পূর্ণাঙ্গ উৎপাদন কার্যক্রম চালাতে পারছে না। এতে একদিকে দেশের পোশাকশিল্পের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে জাতীয় অর্থনীতি ও রপ্তানি আয়ও চাপে পড়ছে।
তিনি বলেন, চলমান পরিস্থিতির কারণে নিম্নতম মজুরি বোর্ডের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে। গণমাধ্যমের মাধ্যমে তাঁরা জানতে পেরেছেন, মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধিও চলমান ভাঙচুর ও বিশৃঙ্খলার সঙ্গে কোনো শ্রমিক সংগঠনের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন।
তবে সংকট মোকাবিলায় শ্রমিক সংগঠনগুলোর ভূমিকা যথেষ্ট কার্যকর হয়নি বলে মন্তব্য করেন বিজিএমইএ সভাপতি। তাঁর ভাষ্য, মাঠপর্যায়ের অনেক শ্রমিক নেতা ও প্রতিনিধি সাধারণ শ্রমিকদের ওপর কার্যকর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারছেন না।
তিনি জানান, শনিবার বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যদের জরুরি যৌথ মতবিনিময় সভায় অংশ নেওয়া উদ্যোক্তারা কারখানার সার্বিক নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত মজুরি বোর্ডের আলোচনা চালিয়ে যাওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
সংবাদ সম্মেলনে মাহমুদ হাসান খান বলেন, সার্বিক নিরাপত্তা ও উৎপাদনবান্ধব পরিবেশ নিশ্চিত না হওয়ায় সংশ্লিষ্ট অঞ্চলের কারখানাগুলো সচল রাখা সম্ভব হচ্ছে না। তাই বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী আগামী ১৫ নভেম্বর থেকে এসব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, আশুলিয়া ও সাভার অঞ্চলের পোশাক কারখানাগুলো জাতীয় অর্থনীতি ও রপ্তানি আয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এসব শিল্পপ্রতিষ্ঠান রক্ষা এবং এর সঙ্গে যুক্ত লক্ষাধিক মানুষের কর্মসংস্থান টিকিয়ে রাখা সবার দায়িত্ব।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান বিজিএমইএ সভাপতি।
একই সঙ্গে সংকট সমাধানে মালিকপক্ষ, শ্রমিক সংগঠন, সরকার, সুশীল সমাজ ও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে বিজিএমইএ ও বিকেএমইএ।