Favicon

বাংলাদেশ-রাশিয়া বন্ধুত্ব জোরদারে বিশেষ সাংস্কৃতিক আয়োজন

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৪, ২০২৬, ১:২৮ অপরাহ্ণ বিভাগ: মেট্রোপলিটন
বাংলাদেশ-রাশিয়া বন্ধুত্ব জোরদারে বিশেষ সাংস্কৃতিক আয়োজন
ঢাকাস্থ রাশিয়ান হাউস, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং ‘দ্য মেলোডিয়া কালেক্টিভ’-এর যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশেষ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশের বিজয়ের ৫৫তম বার্ষিকী সামনে রেখে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে রাশিয়ান হাউস ও দ্য মেলোডিয়া কালেক্টিভের আয়োজনে বিশেষ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ঢাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে রাশিয়ার সমৃদ্ধ সংগীত ঐতিহ্য তুলে ধরার মধ্য দিয়ে উদ্‌যাপিত হয়েছে বাংলাদেশ ও রাশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্ব। বাংলাদেশের মহান বিজয়ের ৫৫তম বার্ষিকী সামনে রেখে ‘স্বাধীনতার অনুরণন, বন্ধুত্বের বন্ধন’ শীর্ষক বিশেষ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

১১ নভেম্বর ঢাকাস্থ রাশিয়ান হাউস, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং ‘দ্য মেলোডিয়া কালেক্টিভ’-এর যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রাশিয়ার ধ্রুপদি সংগীত ও ঐতিহ্যবাহী লোকসংগীত পরিবেশিত হয়।

অনুষ্ঠানটি দুটি পর্বে সাজানো হয়। প্রথম পর্বে রাশিয়ার বিখ্যাত সুরকার সের্গেই রাখমানিনভের ‘ভোকালিজ’ এবং আলেকজান্ডার গ্লাজুনভের ‘শঁ দ্যু মেনেস্ত্রেল’ পরিবেশন করা হয়। ধ্রুপদি সংগীতের আবেগঘন সুর ও শৈল্পিক সৌন্দর্য শ্রোতাদের মুগ্ধ করে।

দ্বিতীয় পর্বে উঠে আসে রাশিয়ার জনপ্রিয় লোকসংগীতের বৈচিত্র্য। এ পর্বে ‘ভো পোলিয়ে বেরিওজা স্তোইয়ালা’, ‘সভেতিৎ মেসিয়াতস’, মিখাইল গ্লিঙ্কার ‘কামারিনস্কায়া’, ‘ভালেনকি’, ইভান লারিওনভের ‘কালিঙ্কা’, আলেক্সেই কোজলভের ‘নস্টালজিয়া’ এবং নিকোলাই নেক্রাসভের গীতিকথা অবলম্বনে ‘করোবেইনিকি’ পরিবেশন করা হয়।

ধ্রুপদি সংগীতের মাধুর্য থেকে শুরু করে লোকসংগীতের প্রাণবন্ত ছন্দ—পুরো পরিবেশনায় রাশিয়ার সাংস্কৃতিক ঐতিহ্যের নানা দিক তুলে ধরে দ্য মেলোডিয়া কালেক্টিভ।

আয়োজকদের মতে, এ আয়োজন কেবল সংগীত পরিবেশনার মধ্যে সীমাবদ্ধ ছিল না; বরং বাংলাদেশ ও রাশিয়ার ঐতিহাসিক বন্ধুত্ব এবং সাংস্কৃতিক সম্পর্কের প্রতিও ছিল একটি বিশেষ শ্রদ্ধার্ঘ্য। সংগীতের সর্বজনীন ভাষার মধ্য দিয়ে দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সাংস্কৃতিক যোগাযোগের গুরুত্ব তুলে ধরা হয়।

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও বিজয়ের ইতিহাসের সঙ্গে রাশিয়ার ঐতিহাসিক সম্পর্কের প্রেক্ষাপটে এবারের আয়োজন বিশেষ তাৎপর্য বহন করে। দুই দেশের জনগণের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বকে আরও এগিয়ে নিতে সাংস্কৃতিক বিনিময়, শিক্ষা ও শিল্পকলার সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে।

বাংলাদেশ ও রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে বাণিজ্য, জ্বালানি, শিক্ষা ও প্রযুক্তির পাশাপাশি সাংস্কৃতিক সহযোগিতাও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচিত হচ্ছে।