Favicon

বিপিও-আইটিইএস শিল্পের বিকাশে নতুন নেতৃত্ব পেল বাক্কো

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৪, ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ বিভাগ: মেট্রোপলিটন
বিপিও-আইটিইএস শিল্পের বিকাশে নতুন নেতৃত্ব পেল বাক্কো
ছবি : সংগৃহীত
বাক্কোর নতুন নেতৃত্বে ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন

বাংলাদেশের বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) ও আইটিইএস (আইটি এনাবলড সার্ভিসেস) খাতের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্টাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো) ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন ফয়সল আলিম এবং সাধারণ সম্পাদক হয়েছেন নাহিদ হোসেন।

গত ১২ নভেম্বর রাজধানীর বনানীর ইম্পেরিয়াল সুইস গার্ডেনে আয়োজিত এক অনুষ্ঠানে বিদায়ী সভাপতি তানভীর ইব্রাহীম নবনির্বাচিত সভাপতি ফয়সল আলিমের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় বিদায়ী ও নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদায়ী কমিটির কার্যক্রম, অর্জন, চলমান উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ সময় সংগঠনের প্রাতিষ্ঠানিক ধারাবাহিকতা বজায় রাখা এবং বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পের বিকাশে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।

নতুন কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সিনিয়র সহসভাপতি সৈয়দ সোহায়েল রেজা, সহসভাপতি আব্দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক সায়মা শওকত এবং অর্থ সম্পাদক খন্দকার আতিকুর রহমান। পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোস্তফা জামাল ইউসুফ, আশিকুর রহমান, এস এম মসিউর রহমান, ফয়সাল সালাম, মোহাম্মদ সাইফুল ইসলাম ও মো. একরামুল হায়দার।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিদায়ী সভাপতি তানভীর ইব্রাহীম তাঁর মেয়াদে সংগঠনের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতার জন্য সদস্য প্রতিষ্ঠান, কার্যনির্বাহী কমিটি, সচিবালয়, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং শিল্পের অংশীজনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, “সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতাই বাক্কোর অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।” নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে তিনি দেশের বিপিও ও আইটিইএস শিল্পের বিকাশে নতুন নেতৃত্বের সাফল্য কামনা করেন।

নবনির্বাচিত সভাপতি ফয়সল আলিম বলেন, “বাক্কোর নেতৃত্ব গ্রহণ করা আমার জন্য অত্যন্ত সম্মানের, একই সঙ্গে এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। পূর্ববর্তী নেতৃত্বের অভিজ্ঞতা ও অর্জনকে সঙ্গে নিয়ে আমরা দেশের বিপিও ও আইটিইএস শিল্পের সম্ভাবনাকে আরও বিকশিত করতে এবং সদস্য প্রতিষ্ঠানগুলোর স্বার্থ ও প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করতে চাই।”

তিনি এ অগ্রযাত্রায় বাক্কোর সদস্য, সাবেক ও বর্তমান কার্যনির্বাহী কমিটি, সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং শিল্পের অংশীজনদের সক্রিয় সহযোগিতা কামনা করেন। সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পকে আরও শক্তিশালী, টেকসই ও আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক অবস্থানে নেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে ভূমিকা রাখায় বাক্কোর নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ডের সদস্যদের সম্মাননা স্মারক দেওয়া হয়।

নতুন কার্যনির্বাহী কমিটির নেতৃত্বে দক্ষ মানবসম্পদ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করা এবং সদস্য প্রতিষ্ঠানগুলোর জন্য সহায়ক ব্যবসায়িক পরিবেশ তৈরির বিষয়গুলো অগ্রাধিকার পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, বৈশ্বিক আউটসোর্সিং বাজারে বাংলাদেশের সম্ভাবনা কাজে লাগাতে শিল্পের সক্ষমতা বৃদ্ধি, নীতিগত সহযোগিতা এবং আন্তর্জাতিক যোগাযোগ সম্প্রসারণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।