বিএনপি বিদ্যুৎ সংকট ও উন্নয়ন নিয়ে কথা বলেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিদ্যুতের সংকট দূর করতে আমরা চেষ্টা করছি। কোনভাবেই কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয সে লক্ষ্যে কাজ করছি।
শুক্রবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে এলজিইডি ও জেলা পরিষদের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ঢেউটিন, চেক ও বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক রফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি জেলা সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন ও এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস, সদর ইউএনও খায়রুল ইসলাম প্রমুখ।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে তেমন কোন জ্বালানি সংকট নেই। তবে একটি চক্র ফায়দা লুটতে কাল্পনিক জ্বালানি সংকট সৃষ্টি করছে।
মির্জা ফখরুল সবাইকে গুজব ও নেতিবাচক কথায় কান না দেবার অনুরোধ করে বলেন, একটা দানবকে পরাজিত ও উচ্ছেদ করতে ঠাকুরগাঁওয়ে ১৩ জনের জীবন গিয়েছে। এরকম সারা দেশে যাঁরা গণতন্ত্র প্রতিষ্ঠায় আত্মাহুতি দিয়েছেন আমরা সেসব শহীদগণের প্রতি যথার্থ শ্রদ্ধা জানাতে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও উন্নয়নের জয়যাত্রা শুরু করেছি।
নির্বাচনের প্রতিশ্রুতি পূরণ করা হবে উল্লেখ করে তিনি বলেন, আমরা নির্বাচনে আমাদের দেয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে শুরু করেছি। তারই অংশ হিসেবে, এ জেলায় ভুল্লী ও রুহিয়াকে উপজেলায় উন্নীত করা, মেডিকেল কলেজ, বিমান বন্দর, রাস্তাঘাট ও ইপিজেড নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। আরও কি কি এখানে করা যায় তার সম্ভাব্যতা যাচাই করতে প্রধানমন্ত্রীর শিল্প উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর ঠাকুরগাঁও সফর করেছেন।
বিএনপি মহাসচিব বলেন, বিশ্ব পরিস্থিতির কথাও আমাদের মাথায় রাখতে হবে, আমেরিকা-ইরান যুদ্ধে সারা বিশ্বের পাশাপাশি আমরাও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাদের সরকার সবসময়ই জনগণকে সাথে নিয়ে যে কোনো সংকট মোকাবেলা করতে প্রস্তুত।