Favicon

পুঁজিবাজারে বিনিয়োগের আগে আর্থিক তথ্য যাচাইয়ের পরামর্শ

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১২, ২০২৬, ৭:৪৪ অপরাহ্ণ বিভাগ: মেট্রোপলিটন
পুঁজিবাজারে বিনিয়োগের আগে আর্থিক তথ্য যাচাইয়ের পরামর্শ
ওয়ালটন হেডকোয়ার্টার্সে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস-এর ইঞ্জিনিয়ার-ইন-চিফ মেজর জেনারেল হাসান উজ জামান, ডিরেক্টর, ওয়ার্কস ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ'র ম্যানেজিং ডিরেক্টর এস. এম. মাহবুবুল আলমসহ অতিথিরা।
ডিজিটাল প্রতারণা ঠেকাতে সচেতনতার ওপর জোর বিএসইসি চেয়ারম্যানের

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া বিনিয়োগ প্রস্তাব, অস্বাভাবিক মুনাফার প্রতিশ্রুতি ও বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে বিনিয়োগ না করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। তিনি বলেছেন, বিনিয়োগের আগে কোম্পানির আর্থিক বিবরণী, বিশেষ করে পরিচালন কার্যক্রম থেকে সৃষ্ট নগদ প্রবাহ বিশ্লেষণ করা জরুরি।

সোমবার (১২ অক্টোবর) বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে ‘ডিজিটাল ডেসেপশন অ্যান্ড স্ক্যাম অ্যালার্ট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) যৌথ উদ্যোগে ডিএসই টাওয়ারের মাল্টিপারপাস হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

মাসুদ খান বলেন, বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের কর্মসূচি শেষ হলেও বিনিয়োগকারীদের সচেতনতা ও সুরক্ষার কার্যক্রম সারা বছর চালিয়ে যেতে হবে। পুঁজিবাজারের উন্নয়নে ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডের বিকাশ, লাইসেন্সপ্রাপ্ত মিউচুয়াল ফান্ড এজেন্ট ও আর্থিক পরামর্শক তৈরির উদ্যোগ, আইপিও নীতিমালার সংস্কার, ডাইরেক্ট লিস্টিং বিধিমালা এবং নতুন বিনিয়োগপণ্য চালুর বিষয়ে কাজ চলছে।

এ ছাড়া টি+১ সেটেলমেন্ট ও স্ক্রিপ নেটিং চালুর বিষয়েও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে পুঁজিবাজারের কার্যক্রম ও বিনিয়োগের সুযোগ সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন বিএসইসি চেয়ারম্যান।

বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি বলেন, শুধু মুনাফার অঙ্ক দেখে কোনো কোম্পানির আর্থিক সক্ষমতা বিচার করা উচিত নয়। কোম্পানির প্রকৃত আর্থিক অবস্থা ও মৌলভিত্তি বিশ্লেষণ করে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে হবে। একই সঙ্গে সংবাদ পরিবেশনে গণমাধ্যমকে তথ্যের যথার্থতা, প্রেক্ষাপট ও দায়িত্বশীলতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে বাড়ছে প্রতারণার ঝুঁকি

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা রক্ষায় ডিজিটাল প্রতারণা, ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা প্রতিরোধে কার্যকর উদ্যোগ প্রয়োজন। এ জন্য নিয়ন্ত্রক সংস্থা, স্টক এক্সচেঞ্জ, ব্রোকারেজ প্রতিষ্ঠান, গণমাধ্যম ও বিনিয়োগকারীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারের ফলে ভুয়া পরিচয়, বিভ্রান্তিকর বিনিয়োগ পরামর্শ এবং রাতারাতি মুনাফার প্রলোভন দেখিয়ে প্রতারণার ঘটনা বাড়ছে। এতে সাধারণ বিনিয়োগকারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পুঁজিবাজারের ওপর তাঁদের আস্থাও হারাতে পারেন।

মমিনুল ইসলাম বলেন, এসব প্রতারণা মোকাবিলায় নজরদারি ও আইন প্রয়োগের পাশাপাশি বিনিয়োগকারীদের সচেতনতা বাড়ানো জরুরি। ডিএসই তার সার্ভেইল্যান্স ও মনিটরিং ব্যবস্থার আধুনিকায়ন এবং সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে। বিএসইসির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রমও জোরদার করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

পুঁজিবাজারের সংস্কার ও উন্নয়নমূলক কার্যক্রম জনসাধারণের কাছে যথাযথভাবে তুলে ধরতে কার্যকর যোগাযোগব্যবস্থা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি। পাশাপাশি ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক ও অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা, সুশাসন ও দক্ষতা বাড়ানোর আহ্বান জানান।

স্থিতিশীল মুনাফার প্রতিশ্রুতিও হতে পারে সতর্কসংকেত

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিএসইর আইসিটি বিভাগের জেনারেল ম্যানেজার আবু নুর মোহাম্মদ হাসানুল করিম। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া বিনিয়োগ গ্রুপ, প্রতারণামূলক ট্রেডিং প্ল্যাটফর্ম, পরিচয় জালিয়াতি, ফিশিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারের মাধ্যমে বিনিয়োগকারীদের প্রতারিত করার বিভিন্ন কৌশল তুলে ধরেন।

তিনি বিনিয়োগের আগে তথ্য যাচাই, ব্যক্তিগত ও আর্থিক তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা এবং অবাস্তব মুনাফার প্রতিশ্রুতি থেকে সতর্ক থাকার ওপর গুরুত্ব দেন।

বিএসইসির কমিশনার নাফিজ আল তারিক বলেন, প্রতারণামূলক বিনিয়োগ স্কিম সব সময় অস্বাভাবিক উচ্চ মুনাফার প্রতিশ্রুতি দিয়ে পরিচালিত হয় না। কখনো কখনো ধারাবাহিক ও স্থিতিশীল মুনাফা দেখিয়েও বিনিয়োগকারীদের আকৃষ্ট করা হয়।

আন্তর্জাতিকভাবে আলোচিত বার্নি ম্যাডফের পঞ্জি স্কিমের উদাহরণ দিয়ে তিনি বলেন, বাজারের ওঠানামা সত্ত্বেও কোনো বিনিয়োগে নিয়মিত ইতিবাচক মুনাফা দেখানো হলে তার বিশ্বাসযোগ্যতা ও প্রকৃত উৎস যাচাই করা জরুরি।

নাফিজ আল তারিক বলেন, দ্রুত ও সহজে অধিক মুনাফা অর্জনের লোভ বিনিয়োগকারীদের প্রতারণার ফাঁদে ফেলতে পারে। তাই বিনিয়োগের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও প্রস্তাবের সত্যতা যাচাই করতে হবে। আবেগ বা লোভের পরিবর্তে তথ্য, বাস্তবতা ও যুক্তির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন তিনি।

বিএসইসির কমিশনার নাহিদ মাহতাব বলেন, ডিজিটাল প্রযুক্তির বিস্তারের সঙ্গে আর্থিক প্রতারণার ঝুঁকিও বাড়ছে। অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয় ও দাবি যাচাই না করে কোনো আর্থিক লেনদেন করা উচিত নয়।

তিনি বলেন, কোম্পানির আর্থিক সক্ষমতা বুঝতে শুধু মুনাফার পরিমাণ দেখলে চলবে না। পরিচালন কার্যক্রম থেকে সৃষ্ট নগদ প্রবাহ, বিনিয়োগ কার্যক্রম এবং অর্থায়নসংক্রান্ত তথ্যও বিশ্লেষণ করতে হবে। এসব তথ্যের সমন্বিত মূল্যায়ন একটি প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক অবস্থা বুঝতে সহায়তা করে।

বিএসইসির কমিশনার হোসাইন সাদাত বলেন, বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের কর্মসূচি এক সপ্তাহে সীমাবদ্ধ রাখার বিষয় নয়। এটি বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থা, আর্থিক মধ্যস্থতাকারী ও পেশাজীবীদের সারা বছর সচেতন ও দায়িত্বশীল থাকার কথা স্মরণ করিয়ে দেয়।

তিনি বলেন, বিনিয়োগকারীদের সুরক্ষায় শুধু সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করলেই হবে না; প্রত্যেককে জ্ঞান অর্জন, বিষয়গুলো সঠিকভাবে অনুধাবন এবং দায়িত্বশীল আচরণের চর্চা করতে হবে।

পুঁজিবাজারের স্থিতিশীলতায় নীতিগত সহায়তা চায় ডিবিএ

সেমিনারের সমাপনী বক্তব্যে ডিবিএর সভাপতি সাইফুল ইসলাম পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতিতে অতিরিক্ত বিক্রয়চাপ এড়াতে প্রয়োজনীয় নীতিগত সহায়তার ওপর গুরুত্ব দেন। বাজারের স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন তিনি।

সাইফুল ইসলাম জানান, পুঁজিবাজারে সহায়তার জন্য আগে অনুমোদিত ২০০ কোটি টাকার বরাদ্দ বাড়িয়ে ৩০০ কোটি টাকা করার অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য বিএসইসি চেয়ারম্যানের প্রতি আহ্বান জানান তিনি।

আইপিওর ক্ষেত্রে আর্থিক বিবরণীর গ্রহণযোগ্য মেয়াদ ১২০ দিন থেকে বাড়িয়ে ১৮০ দিন করার প্রস্তাবও দেন ডিবিএ সভাপতি। তাঁর মতে, নতুন আইপিও বিধিমালার অপেক্ষায় থাকা প্রতিষ্ঠানগুলোর বিশেষ নিরীক্ষাসহ প্রয়োজনীয় কার্যক্রম শেষ করতে অতিরিক্ত সময় প্রয়োজন। এ কারণে সাময়িক ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনার আহ্বান জানান তিনি।

ডিবিএ সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার তানবীর হাবিব রহমান, নাহিদ মাহতাব, নাফিজ আল তারিক ও হোসাইন সাদাত এবং ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম।

সেমিনারের প্যানেল আলোচনায় অংশ নেন ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) ভাইস প্রেসিডেন্ট আসিফুর রহমান, ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান এবং সিএফএ সোসাইটির প্রেসিডেন্ট মাহতাব ওসমানি।