জহির স্বপন: উন্নয়নে জাতিসংঘকে আরও ঘনিষ্ঠভাবে পাশে চায় সরকার
বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয় উল্লেখ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের চলমান কর্মকাণ্ডে সংশ্লিষ্ট বিষয়গুলোতে জাতিসংঘকে আরও ঘনিষ্ঠভাবে পাশে পাওয়ার প্রত্যাশা রয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রদ্রিগেজ
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের উন্নয়ন ভাবনা, বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রম এবং দেশের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার কীভাবে আরও বৃহত্তর পরিসরে জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে পারে, সে বিষয়ে সব অংশীজনের সঙ্গে আলোচনা ও সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়।
এ সময় জুলাই অভ্যুত্থানের পর বিভিন্ন ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়েও গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়।
ইউএনডিপির আবাসিক প্রতিনিধি বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘ আরও কার্যকরভাবে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বাংলাদেশে জাতিসংঘের ভূমিকার প্রশংসা করে বলেন, সরকারের চলমান কর্মকাণ্ডে সংশ্লিষ্ট বিষয়গুলোতে জাতিসংঘকে আরও ঘনিষ্ঠভাবে পাশে পাওয়ার প্রত্যাশা রয়েছে।