আইজিসিসিতে ১১তম আয়ুর্বেদ দিবস উদ্যাপন
ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেন, ভারত ও বাংলাদেশের অভিন্ন জ্ঞান-ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ আয়ুর্বেদ। প্রথাগত চিকিৎসাব্যবস্থা, গবেষণা ও জ্ঞান বিনিময়ের ক্ষেত্রে দুই দেশের মধ্যে আরও সহযোগিতার সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকায় ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের (আইজিসিসি) আয়োজনে ১১তম আয়ুর্বেদ দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
‘অধিকতর সুস্থ আগামীর জন্য আয়ুর্বেদ’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে আয়ুর্বেদ ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা বিষয়ে একটি অংশগ্রহণমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় নূর-মজিদ আয়ুর্বেদিক কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ মামুন মিয়া, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বাবুল আক্তার এবং নূর-মজিদ আয়ুর্বেদিক কলেজের ড. মো. জাকির হোসাইন আলোচনা করেন।
অনুষ্ঠানে বাংলাদেশের শিল্পী শাহিন সোবহানা সুরভীর তৈরি ভগবান গণেশের একটি উলের ট্যাপেস্ট্রি উন্মোচন করা হয়। পরে বিশিষ্ট কণ্ঠশিল্পী রঞ্জন চন্দ্র সরকার শাস্ত্রীয় সংগীত পরিবেশন করেন।
আয়ুর্বেদ ও প্রথাগত চিকিৎসাবিষয়ক বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।