দুই মুসলিম নারী সাংবাদিককে নির্যাতনের অভিযোগে নিন্দা জানিয়েছে প্যাট্রিয়টস অব বাংলাদেশ
ভারতীয় পুলিশের হাতে দুই মুসলিম নারী সাংবাদিককে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগে তীব্র নিন্দা জানিয়েছে প্যাট্রিয়টস অব বাংলাদেশ।
সংগঠনটির অভিযোগ, একটি কেলেঙ্কারির ঘটনায় সরকারের সংশ্লিষ্টতা নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে প্রশ্ন করার পর ওই দুই সাংবাদিককে আটক করে পুলিশ। পরে তাদের শারীরিকভাবে নির্যাতন করা হয়। তারা মুসলিম সাংবাদিক—এ পরিচয় জানার পর তাদের ওপর আরও নির্মমভাবে হামলা চালানো হয় বলেও অভিযোগ করেছে সংগঠনটি।
এক বিবৃতিতে প্যাট্রিয়টস অব বাংলাদেশ এ ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে। একই সঙ্গে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।
সংগঠনটি ভারতের সরকারের প্রতি মতপ্রকাশের স্বাধীনতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি ধর্মীয় পরিচয় নির্বিশেষে দেশটির সব সাংবাদিক ও গণমাধ্যমকর্মীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন কিংবা ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্যমূলক আচরণ কোনো গণতান্ত্রিক সমাজে গ্রহণযোগ্য হতে পারে না।