Favicon

দুইদিনব্যাপী অ্যান্টি-ডোপিং কর্মশালা সমাপ্ত

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৭, ২০২৬, ৭:৫১ অপরাহ্ণ বিভাগ: খেলাধুলা
দুইদিনব্যাপী অ্যান্টি-ডোপিং কর্মশালা সমাপ্ত
ছবি : সংগৃহীত
দুইদিনব্যাপী অ্যান্টি-ডোপিং কর্মশালা সমাপ্ত

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের উদ্যোগে তরুণ সাঁতারুদের মধ্যে অ্যান্টি-ডোপিং বিষয়ে সচেতনতা বাড়াতে আয়োজিত দুইদিনব্যাপী কর্মশালা সমাপ্ত হয়েছে। ফেডারেশনের নিজস্ব মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় দেশের বিভিন্ন পর্যায়ের প্রায় একশ তরুণ সাঁতারু অংশগ্রহণ করেন।

ওয়ার্ল্ড অ্যাকোয়াটিকস, অ্যান্টি-ডোপিং এডুকেশন অ্যান্ড লার্নিং এবং ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সির (WADA) যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় সাঁতারুদের ডোপিংয়ের ক্ষতিকর প্রভাব, নিষিদ্ধ পদার্থ ও পদ্ধতি, অ্যান্টি-ডোপিং বিধিমালা এবং খেলোয়াড়দের দায়িত্ব ও অধিকার সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট অ্যান্টি-ডোপিং প্রশিক্ষক ড. শফিকুর রহমান। তিনি তরুণ সাঁতারুদের খেলাধুলায় নিষিদ্ধ ওষুধ বা পদার্থ ব্যবহারের ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক অ্যান্টি-ডোপিং নীতিমালা মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন।

প্রশিক্ষণ কার্যক্রমে সাঁতারুদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি বাস্তব পরিস্থিতিতে কীভাবে অ্যান্টি-ডোপিং বিধিমালা অনুসরণ করতে হবে, সে বিষয়েও বিস্তারিত ধারণা দেওয়া হয়। বিশেষ করে প্রতিযোগিতার আগে ও পরে ওষুধ ও সাপ্লিমেন্ট গ্রহণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্ব দেওয়া হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট লুৎফর রহমান, যুগ্ম সম্পাদক মো. সেলিম মিয়া, কার্যনির্বাহী কমিটির সদস্য মো. দ্বীন আমিন, নার্গিস আরা এ্যনি, মো. শাহজাহান আলী রনি, হারুন অর রশিদ ও মিলি আক্তার।

আয়োজকরা বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাঁতারুদের অংশগ্রহণ ও সাফল্য বাড়াতে শুধু ক্রীড়া নৈপুণ্য নয়, খেলোয়াড়দের মধ্যে পরিচ্ছন্ন ও নৈতিক ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলাও জরুরি। এ ধরনের কর্মশালা তরুণ সাঁতারুদের অ্যান্টি-ডোপিং বিষয়ে সচেতন করার পাশাপাশি আন্তর্জাতিক প্রতিযোগিতায় দায়িত্বশীলভাবে অংশগ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।