Favicon

চার দিনব্যাপী ‘Sport Administrators Course’ প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্ত

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক আগস্ট ২৩, ২০২৬, ২:২০ পূর্বাহ্ণ বিভাগ: খেলাধুলা
চার দিনব্যাপী ‘Sport Administrators Course’ প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্ত
ছবি : সংগৃহীত
দক্ষ ক্রীড়া প্রশাসনই এগিয়ে নেবে বাংলাদেশের ক্রীড়াঙ্গন

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (IOC) অলিম্পিক সলিডারিটির পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (BOA) উদ্যোগে আয়োজিত চার দিনব্যাপী ‘Sport Administrators Course’ প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়েছে।

১৯ থেকে ২২ আগস্ট পর্যন্ত আয়োজিত এ প্রশিক্ষণে জাতীয় ক্রীড়া পরিষদ, অলিম্পিক ও নন-অলিম্পিকভুক্ত বিভিন্ন জাতীয় ক্রীড়া ফেডারেশন, মাল্টি-স্পোর্টস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে মোট ২৯ জন প্রশিক্ষক ও ক্রীড়া সংগঠক অংশ নেন।

চার দিনব্যাপী কোর্সে ক্রীড়া কার্যক্রম পরিচালনায় অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্টদের দায়িত্ব ও কর্তব্য, ক্রীড়া প্রশাসন এবং কার্যকর ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি অলিম্পিক আন্দোলন ও অলিম্পিজমের মূল্যবোধ নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।

কোর্সের বিভিন্ন পর্যায়ে নির্ধারিত বিষয়গুলোর ওপর অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতার ভিত্তিতে অংশগ্রহণকারীরা দলগতভাবে প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

প্রশিক্ষণটি পরিচালনা করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের জাতীয় কোর্স পরিচালক মাহফুজুর রহমান সিদ্দিকী, মো. মোশারফ হোসেন মোল্লা, ফারুকুল ইসলাম, কাজী মইনুজ্জামান এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ বি এম শেফাউল কবীর। গেস্ট স্পিকার হিসেবে বক্তব্য দেন ডা. মোহাম্মদ শফিকুর রহমান।

শনিবার (২২ আগস্ট) দুপুর ২টা ৩০ মিনিটে বিওএ অডিটোরিয়ামে প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওএর সহসভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ। তিনি অংশগ্রহণকারীদের মধ্যে কোর্স সম্পন্নের সার্টিফিকেট বিতরণ করেন।

সমাপনী বক্তব্যে ব্যারিস্টার সারওয়াত সিরাজ অংশগ্রহণকারীদের অর্জিত জ্ঞান নিজ নিজ ক্ষেত্রে কাজে লাগিয়ে ক্রীড়া প্রশাসনের মানোন্নয়ন এবং দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান। একই সঙ্গে তিনি অলিম্পিক আন্দোলনকে আরও বেগবান করতে সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিওএর কার্যনির্বাহী কমিটির সদস্যরা এবং সংস্থাটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।