Favicon

প্রীতিলতার আত্মাহুতি দিবসে ‘ট্রায়াল অব সূর্যসেন’-এর বিশেষ প্রদর্শনী

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২১, ২০২৬, ২:৪২ অপরাহ্ণ বিভাগ: সংস্কৃতি
প্রীতিলতার আত্মাহুতি দিবসে ‘ট্রায়াল অব সূর্যসেন’-এর বিশেষ প্রদর্শনী
Photo: Courtesy
প্রীতিলতার আত্মাহুতি দিবসে ‘ট্রায়াল অব সূর্যসেন’-এর বিশেষ প্রদর্শনী

ঢাকা, ২১ সেপ্টেম্বর: ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবস উপলক্ষে রাজধানীতে মঞ্চস্থ হতে যাচ্ছে ইতিহাসভিত্তিক নাটক ‘ট্রায়াল অব সূর্যসেন’-এর বিশেষ প্রদর্শনী। এর পাশাপাশি থাকছে জাগরণমূলক সংগীতানুষ্ঠান ও শিশুদের আঁকা ঐতিহাসিক প্রতিকৃতির প্রদর্শনী।

ঢাকা পদাতিকের আয়োজনে এবং ইতিহাস ও ঐতিহ্য পরিষদ ও সাংস্কৃতিক বিদ্যাপীঠ তপোবনের সহযোগিতায় আগামীকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহীম মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, বিশেষ প্রদর্শনীর শুরুতে সাংস্কৃতিক বিদ্যাপীঠ তপোবনের শিল্পীরা জাগরণমূলক দলীয় সংগীত পরিবেশন করবেন। মিলনায়তনের প্রবেশপথে প্রদর্শিত হবে ঢাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের আঁকা বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার, চট্টগ্রাম যুববিদ্রোহ, জালালাবাদ পাহাড় ও ধলঘাট খণ্ডযুদ্ধের ছবি। পাশাপাশি ব্রিটিশবিরোধী আন্দোলনে শহীদ চট্টগ্রামের বিপ্লবীদের প্রতিকৃতি এবং ‘ট্রায়াল অব সূর্যসেন’-এর বিভিন্ন প্রদর্শনীর প্রামাণ্যচিত্রও প্রদর্শিত হবে।

অতিথিদের শুভেচ্ছা বক্তব্যের পর শুরু হবে নাটকটির বিশেষ মঞ্চায়ন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত এবং কোনো টিকিটের প্রয়োজন হবে না।

ঢাকা পদাতিকের ৩৮তম প্রযোজনা ‘ট্রায়াল অব সূর্যসেন’। বিশেষ এই প্রদর্শনীর মধ্য দিয়ে নাটকটির ৪৭তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম বীর সেনানী মাস্টারদা সূর্যসেনের প্রহসনমূলক বিচার ও হত্যাকাণ্ডের বিয়োগান্তক ঘটনাকে উপজীব্য করে নাটকটি নির্মিত হয়েছে।

নাটকটির রচনা ও মূল নির্দেশনা দিয়েছেন একুশে পদকপ্রাপ্ত নাট্যজন মাসুম আজিজ। তাঁর মৃত্যুর পর নবনির্দেশনার দায়িত্ব পালন করছেন অভিনেতা ও নির্দেশক নাদের চৌধুরী। প্রয়োজন অনুযায়ী নাটকটির কিছু অংশে অলংকরণ ও মঞ্চ-পরিকল্পনায়ও নতুন মাত্রা যোগ করেছেন তিনি। নাটকে মাস্টারদা সূর্যসেনের চরিত্রেও অভিনয় করছেন নাদের চৌধুরী।

নবনির্দেশনা প্রসঙ্গে নাদের চৌধুরী বলেন, ‘ট্রায়াল অব সূর্যসেন’ ব্রিটিশবিরোধী আন্দোলনের ইতিহাসভিত্তিক একটি গুরুত্বপূর্ণ নাটক। এর রচনা ও নির্দেশনা দিয়েছেন একুশে পদকপ্রাপ্ত মাসুম আজিজ। তাঁর প্রয়াণের পর প্রয়োজন অনুযায়ী কিছু অংশে অলংকরণ করে নবনির্দেশনার কাজটি করেছি। নাটকে আমি মাস্টারদা সূর্যসেন চরিত্রে অভিনয় করছি। ইতিহাসভিত্তিক এই নাটক বর্তমান প্রজন্মের অবশ্যই দেখা উচিত।’

প্রায় ৪০টি চরিত্র নিয়ে নির্মিত নাটকটির উল্লেখযোগ্য চরিত্রের মধ্যে রয়েছেন সূর্যসেন, কল্পনা দত্ত, তারকেশ্বর দস্তিদার, প্রীতিলতা ওয়াদ্দেদার, অম্বিকা চক্রবর্তী, নির্মল সেন, ব্রিটিশ উকিল, নেত্র সেন ও বাঙালি উকিল। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন নাদের চৌধুরী, মাহবুবা হক কুমকুম, মনজুরুল ইসলাম নান্টু, সাবিহা জামান, মামুন উর রশিদ, শ্যামল হাসান, আক্তার হোসেন, রবিউল ইসলাম মিলটন, শাহনাজ পারভীন জয়া, তারেক আলী মিলন, কাজী সম্রাট, আতিকুর রহমান, আল আমিন স্বপন, সুমন ঘোষ, নুর, খাজা হুজ্জাতউল্লাহ ও জাহিদসহ অন্যরা।

নাটকটির আলোক পরিকল্পনায় রয়েছেন জাকারিয়া কিরণ, সংগীত পরিচালনায় আবুল বাশার সোহেল এবং মঞ্চ ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন শ্যামল হাসান।

২০১৮ সালের ১৮ জানুয়ারি ‘ট্রায়াল অব সূর্যসেন’-এর উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এরপর দেশে ও দেশের বাইরে একাধিক মঞ্চায়নের মধ্য দিয়ে নাটকটি দর্শকমহলে সাড়া ফেলে। ভারতের দিল্লিতেও নাটকটির দুটি আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এসব প্রদর্শনীতে দর্শক ও নাট্যসমালোচকদের প্রশংসা পেয়েছে প্রযোজনাটি।

ঐতিহাসিক প্রেক্ষাপট, শক্তিশালী সংলাপ ও নির্মাণশৈলীর কারণে ‘ট্রায়াল অব সূর্যসেন’ বর্তমানে দেশের আলোচিত ইতিহাসভিত্তিক নাট্যপ্রযোজনাগুলোর একটি হিসেবে মঞ্চে নিয়মিত প্রদর্শিত হচ্ছে।