Favicon

আর্টিস্ট ক্লাবের প্রথম ক্লাসিক্যাল আয়োজনে আজিজুল ইসলামের বাঁশিতে রাগের মূর্ছনা

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৬, ২০২৬, ৪:৫১ অপরাহ্ণ বিভাগ: সংস্কৃতি
আর্টিস্ট ক্লাবের প্রথম ক্লাসিক্যাল আয়োজনে আজিজুল ইসলামের বাঁশিতে রাগের মূর্ছনা
Photo: Courtesy
আর্টিস্ট ক্লাবের প্রথম ক্লাসিক্যাল আয়োজনে আজিজুল ইসলামের বাঁশিতে রাগের মূর্ছনা

ঢাকার বনানীতে আর্টিস্ট ক্লাব লিমিটেডের নিয়মিত সাংস্কৃতিক আয়োজন ‘আইকনিক টিউজডে’-এর প্রথম ক্লাসিক্যাল সঙ্গীতানুষ্ঠানে বাঁশির সুরে হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের আবহ তৈরি করলেন একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বনানীর Artist Club Lounge-এ অনুষ্ঠিত এ আয়োজনে একক বাঁশি পরিবেশন করেন তিনি। ছয় দশকেরও বেশি সময় ধরে শাস্ত্রীয় সংগীতচর্চার সঙ্গে যুক্ত এই শিল্পীর পরিবেশনায় রাগের বৈচিত্র্য ও গভীরতা উপভোগ করেন উপস্থিত শ্রোতারা।

অনুষ্ঠানের শুরুতে আর্টিস্ট ক্লাব লিমিটেডের সভাপতি সুজিত মোস্তফা ওস্তাদ আজিজুল ইসলামকে শ্রোতাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরে তিনিই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

বাঁশিতে রাগ ইমন পরিবেশনের মধ্য দিয়ে সন্ধ্যার সংগীতপর্ব শুরু করেন ওস্তাদ আজিজুল ইসলাম। এরপর তিনি পরিবেশন করেন রাগ শ্রী ও রাগ কোরিয়া ধানশ্রী। কবি কাজী নজরুল ইসলামের সৃষ্ট রাগ হামীরের পরিবেশনাও ছিল অনুষ্ঠানের উল্লেখযোগ্য আকর্ষণ। পরে রাগ জয়জয়ন্তীর পরিবেশনায় শ্রোতাদের মুগ্ধ করেন এই বংশীবাদক।

অনুষ্ঠানের শেষ পর্বে রাগ মারুবিহার এবং দুই ধরনের রাগ খাম্বাজ পরিবেশন করেন ওস্তাদ আজিজুল ইসলাম। দীর্ঘ এই সংগীতসন্ধ্যায় তাঁর বাঁশির সুরে ফুটে ওঠে হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের ঐতিহ্য ও রাগসংগীতের সূক্ষ্মতা।

আয়োজনে আর্টিস্ট ক্লাবের সিনিয়র সদস্য ও উপদেষ্টা মোস্তাফিজুর রহমান, নৃত্যশিল্পী মুনমুন আহমেদসহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের লাইট ও সাউন্ড ব্যবস্থাপনায় ছিলেন আনিসুজ্জামান আনিস।

‘Where Artists Stand Together’ দর্শনকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি ছিল আর্টিস্ট ক্লাবের প্রথম ক্লাসিক্যাল সংগীতভিত্তিক আয়োজন। আয়োজকেরা জানান, সংগীত, ঐতিহ্য ও শিল্পীদের পারস্পরিক সংযোগকে গুরুত্ব দিয়ে ‘আইকনিক টিউজডে’ ধারাবাহিকভাবে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকতে না পারা দর্শকদের জন্য পুরো পরিবেশনাটি আর্টিস্ট ক্লাবের ফেসবুক পেজে দেখা যাবে।