Favicon

ঠাকুরগাঁও পৌঁছেছেন রাষ্ট্রপতি

প্রতিবেদক: ST Reporter সেপ্টেম্বর ৬, ২০২৬, ২:৪৪ অপরাহ্ণ বিভাগ: মেট্রোপলিটন
ঠাকুরগাঁও পৌঁছেছেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল দুই দিনের সফরে ঠাকুরগাঁও পৌঁছেছেন।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন।

আজ বেলা ১টার দিকে রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়ামে অবতরণ করে। এ সময় রাষ্ট্রপতির সহধর্মিণী রাহাত আরা বেগম তাঁর সাথে ছিলেন।

এর আগে সকাল ১১টার দিকে রাষ্ট্রপতি ঠাকুরগাঁওয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

হেলিপ্যাডে নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক ডা. খাইরুল কবির, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও জেলা বিএনপি মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার পেরিস এবং রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম,ডিআইজি(রংপুর রেঞ্জ) মোহাম্মদ আবদুল মাবুদ, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো: বেলাল হোসেনসহ পদস্থ কর্মকর্তাগণ রাষ্ট্রপতিকে স্বাগত জানান ।

পরে ঠাকুরগাঁও সার্কিট হাউজে বাংলাদেশ পুলিশের একটি দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে ।
গার্ড পরিদর্শনের পর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাবা-মায়ের কবর জিয়ারতের জন্য সেনুয়া কবরস্থানে যান। বাবা-মায়ের কবর জিয়ারত ও মুনাজাত শেষে তিনি পার্শ্ববর্তী মসজিদের মুসুল্লিদের খোঁজ খবর নেন ।

এরপর ঠাকুরগাঁও শহরে নিজ বাসভবনে যান রাষ্ট্রপতি।

ঠাকুরগাঁও সফরের প্রথম দিনে আজ বিকেল সাড়ে তিনটায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে তাঁর সম্মানে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সফরের দ্বিতীয় দিনে আগামীকাল ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।