Favicon

এপিটি থ্রেট ইন্টেলিজেন্সে ২০২৬ সালের বর্ষসেরা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৮, ২০২৬, ৭:৩২ অপরাহ্ণ বিভাগ: মেট্রোপলিটন
এপিটি থ্রেট ইন্টেলিজেন্সে ২০২৬ সালের বর্ষসেরা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি
ছবি : সংগৃহীত
এপিটি থ্রেট ইন্টেলিজেন্সে ২০২৬ সালের বর্ষসেরা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি

[১৮ অক্টোবর ২০২৬] - সাইবার হুমকি বিশ্লেষণ ও হামলাকারীদের শনাক্তকরণে অবদানের জন্য ২০২৬ সালের ‘কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছে ক্যাসপারস্কি। বৈশ্বিক গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান ফ্রস্ট অ্যান্ড সুলিভান এ পুরস্কার দিয়েছে। উদ্ভাবন, ব্যবসায়িক কার্যক্রমের সাফল্য এবং গ্রাহকসেবার মান বিবেচনায় প্রতিষ্ঠানটিকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।

প্রায় তিন দশকের সাইবার নিরাপত্তা গবেষণা, উন্নত থ্রেট ইন্টেলিজেন্স, হামলাকারীদের শনাক্ত করার প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিশ্লেষণ এবং বিশেষজ্ঞদের যাচাইয়ের সমন্বয়ে ক্যাসপারস্কি বিভিন্ন প্রতিষ্ঠানকে সাইবার হুমকি সম্পর্কে আগাম ধারণা পেতে সহায়তা করে। এ স্বীকৃতি প্রতিষ্ঠানটির এই কৌশলেরই প্রতিফলন।

প্রতিষ্ঠানগুলোর সাইবার নিরাপত্তার বেশ কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলায় ক্যাসপারস্কির উদ্যোগের প্রশংসা করেছে ফ্রস্ট অ্যান্ড সুলিভান। এর মধ্যে রয়েছে অতিরিক্ত নিরাপত্তা সতর্কবার্তার ভিড়ে প্রকৃত হুমকি শনাক্ত করা, একাধিক বিচ্ছিন্ন নিরাপত্তা ব্যবস্থা পরিচালনা, বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা প্রযুক্তিগত অবকাঠামো সুরক্ষিত রাখা, দক্ষ জনবলের ঘাটতি এবং তথ্য সুরক্ষা-সংক্রান্ত বিধিবিধান মেনে চলা। থ্রেট ইন্টেলিজেন্স, ক্লাউড নিরাপত্তা ও নিরাপত্তা ব্যবস্থাপনাকে একটি সমন্বিত কাঠামোয় এনে প্রতিষ্ঠানগুলোর কাজ সহজ করার ওপর গুরুত্ব দিচ্ছে ক্যাসপারস্কি।

ধারাবাহিক গবেষণা, বিশেষায়িত গবেষণা ও দক্ষতা কেন্দ্র, আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সহযোগিতা এবং স্বাধীনভাবে সোর্স কোড পর্যালোচনার সুযোগ দেওয়া ট্রান্সপারেন্সি সেন্টার ক্যাসপারস্কির নিরাপত্তা কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ। ভবিষ্যৎ পরিকল্পনায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক আচরণ বিশ্লেষণ, সম্ভাব্য সাইবার হামলার আগাম সংকেত শনাক্ত করা, শিল্পপ্রযুক্তি ব্যবস্থার সুরক্ষা এবং কেন্দ্রীয়ভাবে হুমকি-সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার ওপর জোর দিচ্ছে প্রতিষ্ঠানটি।

ফ্রস্ট অ্যান্ড সুলিভানের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাপান আগরওয়াল বলেন, “ক্যাসপারস্কির পরিচিতি এখন শুধু কম্পিউটার ও ডিভাইসের নিরাপত্তা নিশ্চিত করার মধ্যে সীমাবদ্ধ নয়। থ্রেট ইন্টেলিজেন্সে নেতৃত্ব, বৈজ্ঞানিক গবেষণা এবং স্বচ্ছতার উদ্যোগও প্রতিষ্ঠানটির গ্রহণযোগ্যতা বাড়াচ্ছে। এতে ব্যবসায়িক গ্রাহকদের আস্থা জোরদার হচ্ছে এবং বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে সহায়তা করছে।”

ক্যাসপারস্কির করপোরেট প্রডাক্ট ভাইস প্রেসিডেন্ট গ্লেব গ্রিটসাই বলেন, “নির্ভরযোগ্য থ্রেট ইন্টেলিজেন্সকে প্রতিষ্ঠানের উন্নয়নের ভিত্তি হিসেবে কাজে লাগানো আমাদের কৌশলের মূল অংশ। ফ্রস্ট অ্যান্ড সুলিভানের এই স্বীকৃতি আমাদের পদ্ধতির কার্যকারিতা তুলে ধরে। ডিজিটাল রূপান্তর, ক্লাউডে স্থানান্তর এবং কঠোরতর নিয়ন্ত্রক বিধিবিধানের কারণে সাইবার ঝুঁকি ব্যবস্থাপনা এখন প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। এই পুরস্কার স্বীকৃতি দেয় যে, উন্নত সাইবার হামলাকারীদের মোকাবিলা এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক উন্নয়নে ক্যাসপারস্কি থ্রেট ইন্টেলিজেন্স প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় তথ্য ও নির্ভরযোগ্য বিশ্লেষণ দিতে পারে।”

‘২০২৬ গ্লোবাল এপিটি ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যাট্রিবিউশন কোম্পানি অব দ্য ইয়ার’ শীর্ষক ফ্রস্ট অ্যান্ড সুলিভানের পূর্ণাঙ্গ প্রতিবেদনটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন।