Favicon

কসমেটিকস প্রদর্শনীতে দর্শনার্থীদের ব্যাপক ভিড়

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৪, ২০২৬, ৭:৪২ অপরাহ্ণ বিভাগ: মেট্রোপলিটন
কসমেটিকস প্রদর্শনীতে দর্শনার্থীদের ব্যাপক ভিড়
Photo: Courtesy
প্রদর্শনীটি দেশের কসমেটিকস ও পার্সোনাল কেয়ার শিল্পে নতুন বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর এবং আন্তর্জাতিক অংশীদারত্ব তৈরিতে ভূমিকা রাখবে

কসমেটিকস পণ্যের আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’ এর দ্বিতীয় দিনে ছিল উপচে পড়া ভিড়। ছুটির দিনে প্রদর্শনী শুরুর আগেই দর্শনার্থীরা উপস্থিত হন। প্রথম দিন বৃহস্পতিবার কসমেটিকস, স্কিনকেয়ার ও পার্সোনাল কেয়ার প্রদর্শনীতে দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী আয়োজিত এই প্রদর্শনীতে বিভিন্ন ব্র্যান্ডের পণ্য দেখতে দর্শনার্থীরা দেখতে আসেন। বিভিন্ন দেশের প্রসাধনী ও পার্সোনাল কেয়ার পণ্যের পাশাপাশি লাইভ ডেমো, বিউটি কনসালটেশন এবং স্কিনকেয়ার-সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম দর্শনার্থীদের বেশ আকৃষ্ট করে। ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য ছিল নেটওয়ার্কিংয়ের সুযোগও। 
এবারের কসমেটিকা ঢাকায় বাংলাদেশ ছাড়াও কোরিয়া, থাইল্যান্ড, ভারত, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, সিঙ্গাপুর, চীন, জাপানসহ ১৬ দেশের প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রদর্শনীতে শতাধিক স্টলে কসমেটিকস, স্কিনকেয়ার, হেয়ার কেয়ার, ফ্র্যাগরেন্স, গ্রুমিং ও পার্সোনাল কেয়ার পণ্য এবং সংশ্লিষ্ট প্রযুক্তি ও সেবা প্রদর্শন করা হচ্ছে।
আয়োজক স্কোয়াডমাইন্ড গ্লোবাল লিমিটেডের সিইও এস এম ফয়সাল মুনিম বলেন, ‘দ্বিতীয়বারের মতো কসমেটিকা ঢাকা আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। প্রথম দিনেই দেশি-বিদেশি অংশগ্রহণকারী, দর্শনার্থী ও ব্যবসায়ীদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছি। আমরা চাই, কসমেটিকা ঢাকা শুধু পণ্য প্রদর্শনের আয়োজন না হয়ে এই খাতের উদ্যোক্তা, ব্র্যান্ড ও ব্যবসায়ীদের মধ্যে কার্যকর সংযোগ তৈরির একটি প্ল্যাটফর্ম হয়ে উঠুক।’
তিনি বলেন, ‘বাংলাদেশের কসমেটিকস, স্কিনকেয়ার ও পার্সোনাল কেয়ার খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। নতুন বিনিয়োগ, প্রযুক্তি ও আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে এই সম্ভাবনাকে কাজে লাগানো সম্ভব। কসমেটিকা ঢাকা সেই সুযোগ তৈরিতে ভূমিকা রাখবে।’
দ্বিতীয় দিনে ছিল ‘ইন্ডাস্ট্রি টক: দ্য ফিউচার অব বিউটি ইন বাংলাদেশ’ শিরোনামে একটি প্যানেল আলোচনা। স্কোয়াডমাইন্ড গ্লোবাল লিমিটেডের সিইও এস এম ফয়সাল মুনিমের সঞ্চালনায় আলোচনায় খাতটির দেশি-বিদেশি বেশ কয়েকজন প্রতিনিধি অংশ নেন।  
দ্বিতীয় দিনে প্রদর্শনীতে উপস্থিত ছিলেন অভিনেত্রী সাবিলা নূর, শবনব ফারিয়াসহ বেশ কয়েকজনের। এর আগে প্রথম দিনের আয়োজনে মডেল ও অভিনেত্রী অথৈইয়ের উপস্থিতি দর্শনার্থীদের মধ্যে আগ্রহ তৈরি করে।
আয়োজকদের আশা, প্রদর্শনীটি দেশের কসমেটিকস ও পার্সোনাল কেয়ার শিল্পে নতুন বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর এবং আন্তর্জাতিক অংশীদারত্ব তৈরিতে ভূমিকা রাখবে।
প্রদর্শনীটি ৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।