Favicon

ঢাকা-মস্কো সম্পর্ক জোরদারে সংসদীয় কূটনীতির ওপর গুরুত্ব

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৪, ২০২৬, ৫:৫৩ অপরাহ্ণ বিভাগ: মেট্রোপলিটন
ঢাকা-মস্কো সম্পর্ক জোরদারে সংসদীয় কূটনীতির ওপর গুরুত্ব
Photo: Courtesy
রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক

সংসদীয় বিষয়াবলি ও সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ-রাশিয়া সংসদীয় মৈত্রী গ্রুপ। প্রচলিত সরকারি কূটনীতির পাশাপাশি সংসদীয় কূটনীতি ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের আইনপ্রণেতাদের সম্পর্ক আরও জোরদার করাই এ উদ্যোগের লক্ষ্য।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনের সঙ্গে বাংলাদেশ-রাশিয়া সংসদীয় মৈত্রী গ্রুপের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক এবং বহুপক্ষীয় সহযোগিতার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে মৈত্রী গ্রুপের সভাপতি, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী এমপি বাংলাদেশ-রাশিয়ার ঐতিহাসিক বন্ধুত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় থেকেই রাশিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও পরীক্ষিত উন্নয়ন সহযোগী হিসেবে পাশে রয়েছে। সময়ের সঙ্গে এ সম্পর্ক সুদৃঢ় ও বিশ্বস্ত অংশীদারত্বে পরিণত হয়েছে।

তিনি বলেন, কৃষি, শিক্ষা, প্রযুক্তি, পারমাণবিক বিজ্ঞান, খাদ্য নিরাপত্তা ও জ্বালানিসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ জোরদারে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আলতাফ হোসেন চৌধুরী বলেন, বাংলাদেশ ঐতিহাসিকভাবে ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’—এই পররাষ্ট্রনীতিতে বিশ্বাসী। নতুন প্রজন্মের অংশগ্রহণ ও নতুন কাঠামোর মাধ্যমে ঢাকা-মস্কো সম্পর্ক আগামী দিনে আরও গভীর ও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন বাংলাদেশি প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে সংসদীয় সম্পর্ক উন্নয়নে রাশিয়ার সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, দুই দেশের আইনপ্রণেতাদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সক্ষমতা বৃদ্ধির যেকোনো ইতিবাচক উদ্যোগে রাশিয়া সহযোগিতা করবে।

রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, দুই দেশের সংসদ সদস্যদের অংশগ্রহণ বাড়লে বিদ্যমান বাণিজ্যিক, অর্থনৈতিক ও কূটনৈতিক যোগাযোগ আরও শক্তিশালী হবে।

বৈঠকে রাশিয়ান ফ্রেন্ডশিপ সোসাইটি উইথ বাংলাদেশের সভাপতি মিয়া সাত্তার বলেন, পারস্পরিক স্বার্থ ও সুবিধা হলো টেকসই দ্বিপক্ষীয় সম্পর্কের অন্যতম প্রধান ভিত্তি। জনকূটনীতি ও সামাজিক যোগাযোগ বাড়ানোর মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি বলেন, যৌথ স্বার্থ ও পারস্পরিক সুবিধার ভিত্তিতে গঠিত বাংলাদেশ-রাশিয়া সংসদীয় মৈত্রী গ্রুপ দুই দেশের জনগণের মধ্যে আস্থা ও পারস্পরিক নির্ভরতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে।

বৈঠকে মৈত্রী গ্রুপের সভাপতি আলতাফ হোসেন চৌধুরী এমপির নেতৃত্বে সংসদ সদস্য খাইরুল কবির খোকন, সাঈদ আল নোমান, সাইফুল আলম, আতিকুর রহমান মুজাহিদ ও জেবা আমিন খান উপস্থিত ছিলেন। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস অনুবিভাগের মহাপরিচালক এস এম মাহবুবুল আলম বৈঠকে উপস্থিত ছিলেন।

এদিকে, রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমাতেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে একজন মুসলিম সংসদ সদস্যের নেতৃত্বে ‘গ্রুপ অব ডেপুটিস’ গঠন করা হয়েছে বলে বৈঠকে জানানো হয়। সংসদীয় ও জনকূটনীতির মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও সুসংহত করতে এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।