রোহিঙ্গা প্রত্যাবাসন ও মিয়ানমারের সংঘাত নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের বৈঠক
ঢাকা, ১৯ অক্টোবর: মিয়ানমার সীমান্ত এলাকায় স্থলমাইনের বিস্তার, মানব পাচার ও মাদক পাচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি ইসাবেল বিশপ।
সোমবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ উদ্বেগের কথা জানান।
বৈঠকে মিয়ানমারের চলমান সংঘাত, দেশটির রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি, রোহিঙ্গা সংকট এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর প্রত্যাবাসন নিয়ে আলোচনা হয়।
জুলি বিশপ মিয়ানমারের বর্তমান সংঘাতময় পরিস্থিতি তুলে ধরে বলেন, সংঘাত বন্ধ করা এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন তিনি।
রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় নিজ মাতৃভূমি মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য রাজনৈতিক সংলাপ ও পারস্পরিক সহযোগিতার অনুকূল পরিবেশ তৈরির ওপরও গুরুত্বারোপ করেন জাতিসংঘের বিশেষ দূত।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে বলপূর্বক বাস্তুচ্যুত লাখ লাখ মিয়ানমারের নাগরিককে মানবিক কারণে আশ্রয় দিয়ে বাংলাদেশ দীর্ঘদিন ধরে গুরুতর সংকট মোকাবিলা করছে।
এ সংকটের স্থায়ী ও টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সাক্ষাৎকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক, জাতিসংঘের সিনিয়র পলিটিক্যাল অ্যাফেয়ার্স অফিসার ডানকান কিথ উইলসন এবং ইউএনএইচসিআরের উপপ্রতিনিধি জুলিয়েট মুরেকিয়সোনিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।