Favicon

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্য বাড়াতে ঢাকায় শুরু ৩০তম ইউএস ট্রেড শো

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৫, ২০২৬, ১১:৪১ অপরাহ্ণ বিভাগ: মেট্রোপলিটন
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্য বাড়াতে ঢাকায় শুরু ৩০তম ইউএস ট্রেড শো
ছবি : সংগৃহীত
বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় গুরুত্ব, ৭ নভেম্বর পর্যন্ত চলবে তিন দিনের প্রদর্শনী

ঢাকা, ৫ নভেম্বর: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের নতুন সম্ভাবনা তুলে ধরতে রাজধানীতে শুরু হয়েছে ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬। এতে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক জোরদার, মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং প্রযুক্তি ও শিল্প খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় তিন দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। ৫ থেকে ৭ নভেম্বর পর্যন্ত চলবে এ আয়োজন।

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাস যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে। এতে মার্কিন বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য, সেবা ও উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শনের পাশাপাশি দুই দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে যোগাযোগ এবং অংশীদারত্ব তৈরির সুযোগ রাখা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ ছাড়া অ্যামচেম বাংলাদেশের প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামাল, সরকারি কর্মকর্তা, কূটনীতিক, ব্যবসায়ী নেতা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

উদ্বোধনী বক্তব্যে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ক রয়েছে। ইউএস ট্রেড শোর মতো আয়োজন দুই দেশের ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ ও সম্পৃক্ততা বাড়ানোর গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করে।

তিনি বলেন, বাংলাদেশ এমন একটি প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যা নতুন ব্যবসার সুযোগ সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।

পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি বাণিজ্য ও বিনিয়োগ। প্রতিযোগিতামূলক ও টেকসই অর্থনীতির দিকে এগিয়ে যেতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা বাড়ানো জরুরি।

তিনি বলেন, শিল্প খাতে দক্ষতা বৃদ্ধি, পরিবেশগত স্থায়িত্ব এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সক্ষমতা জোরদারে মার্কিন প্রতিষ্ঠানগুলোর উন্নত প্রযুক্তি, দক্ষতা ও বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশের সঙ্গে বিদ্যমান শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ককে যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্ব দেয়। ইউএস ট্রেড শো দুই দেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ক্রমবর্ধমান সম্ভাবনার প্রতিফলন।

তিনি বলেন, মার্কিন কোম্পানিগুলো বিশ্বমানের পণ্য, সেবা ও প্রযুক্তি নিয়ে কাজ করছে, যা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারে। বাণিজ্যিক অংশীদারত্ব সম্প্রসারণ, বিনিয়োগ উৎসাহিত করা এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে যুক্তরাষ্ট্র আগ্রহী।

অ্যামচেম বাংলাদেশের প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, তিন দশক ধরে ইউএস ট্রেড শো মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাংলাদেশের বাজারের সংযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবারের ৩০তম আয়োজন দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসায়িক সহযোগিতা সম্প্রসারণে দুই দেশের ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন।

তিনি বলেন, এ আয়োজনের মাধ্যমে নতুন ব্যবসায়িক যোগাযোগ ও অংশীদারত্ব তৈরি এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে আরও শক্তিশালী ও টেকসই অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার সুযোগ তৈরি হবে।

এবারের প্রদর্শনীতে বিভিন্ন খাতের মার্কিন পণ্য, সেবা ও প্রযুক্তি তুলে ধরা হচ্ছে। পাশাপাশি ব্যবসায়ী ও দর্শনার্থীদের জন্য মতবিনিময়, নতুন উদ্ভাবন সম্পর্কে ধারণা লাভ এবং সম্ভাব্য ব্যবসায়িক অংশীদারত্ব তৈরির সুযোগ রয়েছে।

প্রদর্শনীর পাশাপাশি জ্বালানি নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও চিকিৎসা প্রযুক্তি, নারী নেতৃত্ব, বিদেশে বিনিয়োগ, দ্বিপক্ষীয় বাণিজ্য এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ও ডিজিটাল অর্থনীতি নিয়ে ধারাবাহিক সেমিনার ও আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।

এসব অধিবেশনে নীতিনির্ধারক, ব্যবসায়ী নেতা ও শিল্প বিশেষজ্ঞরা নিজ নিজ অভিজ্ঞতা তুলে ধরবেন। একই সঙ্গে সংশ্লিষ্ট খাতগুলোতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা এবং বিনিয়োগের নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।

দীর্ঘদিন ধরে ইউএস ট্রেড শো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদার, মার্কিন প্রতিষ্ঠানের কার্যক্রম তুলে ধরা এবং দুই দেশের বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

৩০তম ইউএস ট্রেড শো ২০২৬ আগামী ৭ নভেম্বর পর্যন্ত রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।