বিএটির ৩০% নগদ লভ্যাংশ ঘোষণা
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ পিএলসি (BAT Bangladesh PLC) ২০২৫ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনলাইনে অনুষ্ঠিত কোম্পানিটির ৫৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারের অংশগ্রহণে সভাটি সম্পন্ন হয়, যেখানে সর্বসম্মতিক্রমে লভ্যাংশসহ গুরুত্বপূর্ণ কর্পোরেট সিদ্ধান্তগুলো অনুমোদন দেওয়া হয়।
সভায় আরও অনুমোদন দেওয়া হয় সংবিধিবদ্ধ নিরীক্ষক ও করপোরেট গভর্নেন্স নিরীক্ষক নিয়োগ, পরিচালনা পর্ষদের নির্বাচন এবং ২০২৫ সালের আর্থিক বিবরণী।
সভায় সভাপতিত্ব করেন BAT Bangladesh PLC-এর বোর্ড চেয়ারম্যান ওয়াইল সাবরা।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, ২০২৫ সালে প্রতিষ্ঠানটি মূল্য সংযোজন কর (ভ্যাট), সম্পূরক শুল্ক এবং অন্যান্য করসহ জাতীয় রাজস্ব খাতে মোট ৩৯,১৪৪ কোটি টাকা অবদান রেখেছে। এই অবদানের মাধ্যমে কোম্পানিটি দেশের শীর্ষ করদাতাদের মধ্যে নিজেদের অবস্থান আরও সুসংহত করেছে।
সভায় উপস্থিত ছিলেন স্বতন্ত্র পরিচালক মাসুদ খান, অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন এবং রূপালী হক চৌধুরী। এছাড়া অনির্বাহী পরিচালক ড. জিয়াউল আবেদীন, নিরঞ্জন চন্দ্র দেবনাথ, স্টুয়ার্ট কিড এবং ফ্রান্সিসকো টোসো ক্যানেপা উপস্থিত ছিলেন।
ব্যবস্থাপনা পর্যায়ে সভায় অংশ নেন ব্যবস্থাপনা পরিচালক মনিশা আব্রাহাম, ফাইন্যান্স ডিরেক্টর নিরালা সিং, কমার্শিয়াল ডিরেক্টর নুমায়ের আলম এবং কোম্পানি সচিব সৈয়দ আফজাল হোসেন।