সূচক ও লেনদেন দুটোই বেড়েছে ডিএসইতে
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। একই সঙ্গে প্রধান সূচকসহ সব কটি সূচকই ঊর্ধ্বমুখী ছিল। দিন শেষে ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৫৬ কোটি ২০ লাখ টাকা।
আজ ডিএসইতে ৩৮৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮০টির দাম বেড়েছে, ১৫৩টির কমেছে এবং ৫৩টি অপরিবর্তিত ছিল।
দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ২১ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৯৪ দশমিক ০৭ পয়েন্টে অবস্থান করে।
অন্যদিকে ডিএস-৩০ সূচক ৫ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ৯২ দশমিক ৯৮ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ্ সূচক (ডিএসইএস) ৫ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯ দশমিক ৩০ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেনের দিক থেকে আজ শীর্ষে ছিল শার্প ইন্ডাস্ট্রিজ। এরপর ছিল ইস্টার্ন ব্যাংক, এনভয় টেক্সটাইলস, সায়হাম টেক্সটাইল, মালেক স্পিনিং, প্যারামাউন্ট টেক্সটাইল, সায়হাম কটন, আইএফআইসি ফার্স্ট ফাইন্যান্স, সেন্ট্রাল অ্যালায়েন্স ও বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স।
দাম বৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে ছিল ওরিয়ন ইনফিউশন, আল-হাজ টেক্সটাইল, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, এনটেক্স স্পিনিং, সমতা লেদার, সিলকো ফার্মাসিউটিক্যালস, রহিম টেক্সটাইল, বাংলাদেশ অটোকারস, অগ্নি সিস্টেমস ও খান ব্রাদার্স।
অন্যদিকে দাম কমার তালিকায় শীর্ষে ছিল জেনেটি থাই ফুড, সেনা ইন্স্যুরেন্স, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইডিএলসি প্রথম মিউচুয়াল ফান্ড, ফিনিক্স ফাইন্যান্স প্রথম মিউচুয়াল ফান্ড, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, রিং শাইন টেক্সটাইল, প্রিমিয়ার লিজিং ও রিলায়েন্স ইন্স্যুরেন্স।
আজ ডিএসইতে মোট ১৯ কোটি ৫২ লাখ ৬৪ হাজার ৩৩০টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে।