Favicon

কাল থেকে শুরু হচ্ছে ম্যাক্স গ্রুপ ৩৫তম জাতীয় সাঁতার প্রতিযোগিতা

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৭, ২০২৬, ৪:২৫ অপরাহ্ণ বিভাগ: খেলাধুলা
কাল থেকে শুরু হচ্ছে ম্যাক্স গ্রুপ ৩৫তম জাতীয় সাঁতার প্রতিযোগিতা
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল।
মিরপুরে কাল থেকে শুরু হচ্ছে ম্যাক্স গ্রুপ ৩৫তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা-২০২৬
ঢাকা: বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় আগামীকাল ২৮ অক্টোবর (বুধবার) থেকে শুরু হতে যাচ্ছে "ম্যাক্স গ্রুপ ৩৫তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা-২০২৬"। চার দিনব্যাপী এ প্রতিযোগিতা ৩১ অক্টোবর পর্যন্ত মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে।
আজ দুপুরে ঢাকার বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ডাচ-বাংলা ব্যাংক অডিটোরিয়ামে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান আয়োজকরা।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুইমিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক সেলিম মিঞা, কোষাধ্যক্ষ রেজাউল হোসেন বাদশা, ভাইস প্রেসিডেন্ট আবু সাঈদ মো. আফজালুল হক এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের প্রতিনিধি মো. ইব্রাহিম খলিল পলাশসহ অন্য কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশজুড়ে সাঁতারের নতুন প্রতিভা অন্বেষণ ও বিকাশ ঘটানোর লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় এক হাজার সাঁতারু ও অ্যাথলেট অংশগ্রহণ করবেন। চার দিনব্যাপী এই মেগা আসরে সাঁতারের পাশাপাশি ডাইভিং ও ওয়াটার পোলোর বিভিন্ন ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রতিযোগীরা।
সংশ্লিষ্টদের মতে, সারা দেশের সেরা সাঁতারুদের এই অংশগ্রহণ দেশের সাঁতার অঙ্গনে নতুন গতি সঞ্চার করবে।