Favicon

৪র্থ ইয়ুথ অলিম্পিকে অংশ নিতে ডাকার যাচ্ছে বাংলাদেশ দল

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৭, ২০২৬, ৪:২৮ অপরাহ্ণ বিভাগ: খেলাধুলা
৪র্থ ইয়ুথ অলিম্পিকে অংশ নিতে ডাকার যাচ্ছে বাংলাদেশ দল
ছবি : সংগৃহীত
৪র্থ ইয়ুথ অলিম্পিকে অংশ নিতে ডাকার যাচ্ছে বাংলাদেশ দল

ঢাকা: আগামী ৩১ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সেনেগালের রাজধানী ডাকারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘৪র্থ ইয়ুথ অলিম্পিক গেমস ২০২৬’। আন্তর্জাতিক এই মর্যাদাপূর্ণ যুব ক্রীড়া আসরে অ্যাথলেটিক্স, বক্সিং ও সুইমিং—এই তিনটি স্পোর্টস ডিসিপ্লিনে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। লাল-সবুজের প্রতিনিধি হিসেবে মোট চারজন তরুণ ও সম্ভাবনাময় ক্রীড়াবিদ এবারের গেমসে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বাংলাদেশ কন্টিনজেন্টের ‘শেফ দ্য মিশন’ হিসেবে নেতৃত্ব দিচ্ছেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মোঃ দৌলতুজ্জামান খাঁন, এনডিসি। গেমসে সফল অংশগ্রহণের লক্ষ্যে শেফ দ্য মিশনসহ বাংলাদেশ সুইমিং দল আগামীকাল ২৮ অক্টোবর সেনেগালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। পর্যায়ক্রমে আগামী ৩ নভেম্বর বক্সিং দল এবং ৪ নভেম্বর অ্যাথলেটিক্স দল ডাকারে পৌঁছাবে। সব প্রতিযোগিতা শেষে আগামী ১০ নভেম্বর বাংলাদেশ প্রতিনিধি দল দেশে ফিরবে বলে আশা করা হচ্ছে।

এবারের গেমসে সাঁতারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন দুই সাঁতারু—মাইশা আক্তার মিম ও মোঃ আব্দুল আজিম। মাইশা নারীদের ৫০ ও ১০০ মিটার ফ্রিস্টাইলে এবং আজিম পুরুষদের ৫০ মিটার ফ্রিস্টাইল ও ১০০ মিটার ব্যাকস্ট্রোকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সাঁতার দলের কোচ ও টিম ম্যানেজারের দায়িত্বে রয়েছেন মোঃ আব্দুল হোসেন ঢালী। অন্যদিকে, অ্যাথলেটিক্সে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে লড়বেন মোঃ শিপন মিয়া, যার দায়িত্বে থাকছেন কোচ মোঃ আব্দুল্লাহ হেল কাফি। বক্সিংয়ে পুরুষদের ৭০ কেজি ওজন শ্রেণিতে রিঙে নামবেন নয়ন ত্রিপুরা জনি, এবং তার সাথে কোচ হিসেবে থাকছেন মোঃ আল আমিন।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) পক্ষে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ বি এম শেফাউল কবীর আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক এই আন্তর্জাতিক আসরে তরুণ ক্রীড়াবিদরা নিজেদের সর্বোচ্চ দক্ষতা ও নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে দেশের জন্য গৌরব বয়ে আনবেন। তিনি উল্লেখ করেন, বৈশ্বিক মঞ্চে এই অংশগ্রহণ তরুণ অ্যাথলেটদের অভিজ্ঞতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতে আরও উচ্চপর্যায়ের প্রতিযোগিতায় নিজেদের প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।