Favicon

১১ জুলাই শুরু ৩৮তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা, অংশ নেবে ৮০ দল

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক জুলাই ৯, ২০২৬, ১১:২৬ অপরাহ্ণ বিভাগ: খেলাধুলা
১১ জুলাই শুরু ৩৮তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা, অংশ নেবে ৮০ দল
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান শাহীন ৩৮তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষ্যে এক সাংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। ছবি: এসটি
চার দিনে ১০৬টি ইভেন্ট; প্রায় ৭৭০ জন সাঁতারু, কর্মকর্তা ও অফিসিয়ালের অংশগ্রহণ, বাজেট ৪০.৭৫ লাখ টাকা

ঢাকা, ৯ জুলাই ২০২৬: আগামী ১১ থেকে ১৪ জুলাই রাজধানীর মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে ৩৮তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা-২০২৬। প্রতিযোগিতা উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় সুইমিং কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে আয়োজনের সার্বিক প্রস্তুতি, অংশগ্রহণকারী দল, প্রতিযোগিতার সময়সূচি, নতুন বয়স যাচাই পদ্ধতি, বাজেট ও পুরস্কার সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরে বাংলাদেশ সুইমিং ফেডারেশন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান শাহীন, যুগ্ম সম্পাদক নিবেদিতা দাস, কার্যনির্বাহী সদস্য মো. মনির হুসাইন ফকির এবং নৌবাহিনীর প্রতিনিধি লেফটেন্যান্ট খাব্বাব বিন ওয়ালি

ফেডারেশন জানায়, আগামী ১০ জুলাই দুপুর ২টায় সকল অংশগ্রহণকারী সাঁতারুর রিপোর্টিং সম্পন্ন হবে। প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বালক ও বালিকা বিভাগে অনূর্ধ্ব-১০, ১১-১২, ১৩-১৪, ১৫-১৭ এবং ১৮-২০ বছর—এই পাঁচটি বয়সভিত্তিক গ্রুপে।

এবারের প্রতিযোগিতায় প্রথমবারের মতো অনলাইন জন্মনিবন্ধন সনদের মাধ্যমে প্রতিযোগীদের বয়স যাচাই করা হবে। ফেডারেশনের মতে, এই উদ্যোগ প্রতিযোগিতায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চার দিনব্যাপী প্রতিযোগিতায় সাঁতারে ১০০টি এবং ডাইভিংয়ে ৬টি, মোট ১০৬টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। ডাইভিংয়ের সব ইভেন্ট মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সের ডাইভিং পুলে আয়োজন করা হবে।

এবারের আসরে বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব এবং বিকেএসপিসহ মোট ৮০টি দল অংশ নেবে। আয়োজকদের প্রত্যাশা, প্রতিযোগিতায় প্রায় ৫৫০ জন খেলোয়াড়, ১১০ জন দলীয় কর্মকর্তা এবং ১০০ জন মিট অফিসিয়ালসহ মোট প্রায় ৭৭০ জন অংশগ্রহণ করবেন।

প্রতিযোগিতার জন্য ৪০ লাখ ৭৫ হাজার টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে। বিকেএসপি ছাড়া অংশগ্রহণকারী অন্যান্য সব দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের যাতায়াত, আবাসন এবং খাবারের ব্যয় বহন করবে বাংলাদেশ সুইমিং ফেডারেশন।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ১১ জুলাই বিকেল ৪টায় এবং সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে ১৪ জুলাই বিকেল ৪টায়

বিজয়ীদের মধ্যে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক প্রদান করা হবে। পাশাপাশি স্বর্ণপদক বিজয়ী পাবেন ৩ হাজার টাকা, রৌপ্যপদক বিজয়ী ২ হাজার টাকা এবং ব্রোঞ্জপদক বিজয়ী ১ হাজার টাকা প্রাইজমানি। এছাড়া বালক ও বালিকা বিভাগে সেরা সাঁতারু ট্রফি ও বিশেষ আর্থিক পুরস্কারে ভূষিত হবেন। দলগত চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকেও ট্রফি প্রদান করা হবে।

জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতার সংবাদ ব্যাপকভাবে প্রচারে দেশের সব গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ সুইমিং ফেডারেশন।