জবির ইতিহাস বিভাগে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের ২১তম ব্যাচের নবীন বরণ ও ১৬তম ব্যাচের বিদায় অনুষ্ঠিত হয়েছে।
আজ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে ‘আউটকাম বেজড এডুকেশন’ কারিকুলাম বাধ্যতামূলক করার পর ইতিহাস বিভাগই সর্বপ্রথম এ কারিকুলাম প্রণয়ন করেছে। অতীতে কোনো ব্যাচের ভর্তি কার্যক্রম দীর্ঘ তিন-চার মাস পর্যন্ত চলমান থাকত। এর ফলে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মাইগ্রেশনের সুযোগ সৃষ্টি হতো এবং বিভিন্ন ডিসিপ্লিনের পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রমে নানা ধরনের জটিলতা দেখা দিত। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে একই দিনে ও একই সময়ে ক্লাস শুরু করা হয়েছে এবং একটি সমন্বিত একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করা হয়েছে।
উপাচার্য আরও বলেন, আমাদের অতীতের অভিজ্ঞতা ও ইতিহাস থেকে যথাযথ শিক্ষা গ্রহণ করি না বলেই জাতিগতভাবে পিছিয়ে পড়ছি। ইতিহাসের শিক্ষা ধারণ করে অন্যের অর্জনকে সম্মান করতে হবে। ইতিহাস বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সঠিক ও বস্তুনিষ্ঠ ইতিহাস বিনির্মাণে নির্মোহভাবে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।
ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শহীদ কাদের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর সচিব ডক্টর মোহাম্মদ জকরিয়া। এছাড়া, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম, অধ্যাপক ড. নাছির আহ্মাদ এবং অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের আয়োজক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মোছা. খোদেজা খাতুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের সহযোগী অধ্যাপক মো. হাসান মফিজুর রহমান।
অনুষ্ঠানে ইতিহাস বিভাগের পক্ষ থেকে প্রথমবারের মতো কৃতী শিক্ষার্থীদের একাডেমিক ‘রোল অব অনার’ এবং নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।