Favicon

বিএনসিসি, আনসার-ভিডিপি, স্কাউটস ও ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধিতে ৯ জেলায় পাইলট প্রকল্প শুরু

Reported By: ST Reporter October 4, 2026, 6:59 pm Category: National
বিএনসিসি, আনসার-ভিডিপি, স্কাউটস ও ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধিতে ৯ জেলায় পাইলট প্রকল্প শুরু
রাজধানী সাভারের বিএনসিসি ট্রেনিং একাডেমিতে এক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। ছবি: বাসস
৯ জেলায় যুবশক্তির সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু

যুবশক্তির উন্নয়ন ও জাতীয় নিরাপত্তা সক্ষমতা বাড়াতে বিএনসিসি, আনসার-ভিডিপি, স্কাউটস এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বৃদ্ধি পাইলট প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রম আজ দেশের ৯টি জেলায় একযোগে শুরু হয়েছে।

রাজধানী সাভারের বাইপাইলে বিএনসিসি ট্রেনিং একাডেমিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, একই সঙ্গে ঢাকা জেলার সাভার ছাড়াও টাঙ্গাইল, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, বগুড়া, গাজীপুর, পটুয়াখালী ও রাজশাহীতে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপ-প্রেস সচিব জানান, উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিরক্ষা উপদেষ্টা প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে শৃঙ্খলা, দায়িত্ববোধ, আত্মবিশ্বাস ও প্রয়োজনীয় ব্যবহারিক দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের সক্ষমতা বাড়াতে আন্তরিকভাবে প্রশিক্ষণে অংশগ্রহণের আহ্বান জানান।

প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় আনসার-ভিডিপি ও বিএনসিসি’র সদস্যদের নিজ নিজ প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তত্ত্বাবধানে আনসার-ভিডিপি ও স্কাউটসের সদস্যদের বেসামরিক প্রতিরক্ষা বা সিভিল ডিফেন্স বিষয়ে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে।

সংশ্লিষ্টরা জানান, বিএনসিসি, আনসার-ভিডিপি, স্কাউটস এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বৃদ্ধির এ পাইলট প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের দক্ষতা ও প্রস্তুতি আরও জোরদার হবে। প্রকল্পের কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের আন্তরিক সহযোগিতা ও দায়িত্বশীল অংশগ্রহণ প্রত্যাশা করা হয়েছে।