Favicon

যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট স্কলারশিপ বাড়ানোর বিষয়ে মার্কিন দূতাবাসের সঙ্গে মাহ্দী আমিনের বৈঠক

Reported By: ST Reporter October 4, 2026, 7:26 pm Category: National
যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট স্কলারশিপ বাড়ানোর বিষয়ে মার্কিন দূতাবাসের সঙ্গে মাহ্দী আমিনের বৈঠক
ছবি : সংগৃহীত
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শিক্ষা সহযোগিতা জোরদারে বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ ফুলব্রাইট স্কলারশিপের সংখ্যা বাড়ানোসহ শিক্ষা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয়ে বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে  বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এরিক গিলানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন দূতাবাসের পাবলিক ডিপ্লোমেসি অফিসার স্কট হার্টম্যান এবং সিতারাম সিরিন।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শিক্ষা খাতে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফুলব্রাইট স্কলারশিপের সুযোগ কীভাবে প্রতিবছর আরও বাড়ানো যায়। পাশাপাশি সরকারি কর্মকর্তাদের জন্য আরও বেশি স্কলারশিপ নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়। এছাড়া শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষার্থী ও শিক্ষক এক্সচেঞ্জ প্রোগ্রাম সম্প্রসারণ এবং বাংলাদেশে ভাষা শিক্ষার প্রসার ও দক্ষতা উন্নয়নে যুক্তরাষ্ট্র কীভাবে ভূমিকা পালন করতে পারে, সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

শিক্ষার্থীদের গবেষণার ক্ষেত্রে স্কলারশিপ দেওয়ার ব্যাপারে আলোচনা হয় যার মাধ্যমে তারা স্বাস্থ্য, কৃষি, নগরায়ন, শিল্প, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তিসহ বিভিন্ন ধরনের স্থানীয় সমস্যা সমাধানে ভূমিকা রাখতে পারে। এছাড়াও সার্বিক শিক্ষা খাতের মানোন্নয়ন, প্রাতিষ্ঠানিক যোগাযোগ জোরদারকরণ এবং যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও অ্যালামনাইদের দেশের উন্নয়ন কার্যক্রমে কীভাবে আরও ব্যাপকভাবে সম্পৃক্ত করা যায়, তা নিয়ে উভয় পক্ষ আলোচনা করেন।