Favicon

জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক

প্রতিবেদক: ST Reporter এপ্রিল ২৮, ২০২৬, ৩:৫৯ অপরাহ্ণ বিভাগ: মেট্রোপলিটন
জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক
ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ-ইওএম) প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের কাছে প্রতিবেদনটি তুলে দেন । ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ইইউ নির্বাচন প্রতিবেদন সরকারের কাছে হস্তান্তর

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ-ইওএম) প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস আজ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে হস্তান্তর করেছেন।

তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের কাছে প্রতিবেদনটি তুলে দেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ইউরোপীয় ইউনিয়নের ধারাবাহিক সম্পৃক্ততার প্রশংসা করেন। তিনি গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও নির্বাচন প্রক্রিয়া আরও শক্তিশালী করতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে অব্যাহত সহযোগিতার গুরুত্বও তুলে ধরেন।

ইইউ মিশন জানিয়েছে, ইজাবস মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করবেন।

প্রতিবেদনটিতে বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন আরও উন্নত করতে ১৯টি সুপারিশ অন্তর্ভুক্ত রয়েছে। 

প্রসঙ্গত, ২০২৫ সালের শেষের দিক থেকে ইইউ-ইওএম বাংলাদেশে অবস্থান করছে।

নির্বাচনের দিন, ১২ ফেব্রুয়ারি, মিশনটি ইউরোপীয় ইউনিয়নের সব সদস্য রাষ্ট্রের পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড থেকে আসা ২২৩ জন আন্তর্জাতিক পর্যবেক্ষককে দেশের ৬৪টি প্রশাসনিক জেলায় মোতায়েন করে।

এর আগে, মিশনটি ১৪ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের প্রাথমিক বিবৃতি প্রকাশ করেছিল।

২০২৬ সালের সংসদ নির্বাচনকে মিশন বিশ্বাসযোগ্য ও দক্ষতার সঙ্গে পরিচালিত এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করে।

এর আগে ইজাবস বলেছিলেন, নির্বাচনটি ছিল প্রকৃত অর্থে প্রতিযোগিতামূলক এবং মৌলিক স্বাধীনতাগুলো মোটামুটি সমুন্নত থেকেছে; একই সঙ্গে বাংলাদেশ নির্বাচন কমিশন স্বাধীন ও স্বচ্ছভাবে কাজ করেছে এবং অংশীজনদের আস্থা বজায় রেখেছে।