মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা।
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলামের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ বুধবার ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
সাক্ষাৎকালে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অগ্রাধিকারসমূহ সম্পর্কে অবহিত হওয়ার পাশাপাশি ইন্দো-প্যাসিফিক ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন ইউনিভার্সিটি (ডিএসসিইউ)-এর মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সামরিক সক্ষমতা ও দক্ষতা উন্নয়নে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় উভয় পক্ষ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার ও সম্প্রসারণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
এ ছাড়া, দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক ও কৌশলগত অংশীদারিত্ব ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে একমত পোষণ করেন।
অনুষ্ঠানে ঢাকায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসের ইউনাইটেড স্টেটস মিলিটারি গ্রুপের প্রধান লেফটেন্যান্ট কর্নেল রবার্ট গ্রিন এবং ডিএসসিইউ-এর রিজিওনাল প্রোগ্রাম লিড ও সহকারী অধ্যাপক মাইকেল রেমবোল্ড ছাড়া ডিএসসিইউ-এর আরো দু’জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।